২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে আ. লীগ

দশম জাতীয় সংসদ নির্বাচনের একবছর পূর্তিতে আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসাবে দেশব্যাপী উদযাপনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

শুক্রবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করা হবে। যদি ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হতো তাহলে দেশের সাংবিধানিক ধারা এবং গণতন্ত্রের ধারা অব্যাহত থাকতো না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“নির্বাচন হয়েছে বলেই দেশে এখন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আগামী ৫ জানুয়ারি সারাদেশে সকল উপজেলা-জেলা, বিভাগীয় শহরগুলোসহ সকল ইউনিটে র‌্যালি এবং সমাবেশ করা হবে।”

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনে সংঘাত-সহিংসতার মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। তখন ভোটবিরোধীরা শতাধিক কেন্দ্র পুড়িয়ে দেয়, হামলায় নিহত হন ভোটগ্রহণকারী কর্মকর্তাও।

ভোট ঠেকাতে দেশব্যাপী ওই সহিংসতায় ২১ জন নিহত এবং ২৭৩ জনের মতো ভোট কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্য আহত বা ক্ষতিগ্রস্ত হন বলে নির্বাচন কমিশন জানিয়েছিল।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “আগামী একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ প্রতিবছরে এই দিবসটি পূর্ণ মর্যাদায় পালন করবে।”

বৈঠক সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনো ধরণের নাশকতা দেখলে তা প্রতিহতের নির্দেশও দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা  চৌধুরীর সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস  সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মহানগর আওয়ামী লীগের  নেতা এম এ আজিজ, কামরুল ইসলাম, যুবলীগের সালাহউদ্দিন মাহমুদ জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাওছার, ছাত্রলীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।