২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভায় বাধা দিতে ‘কূটকৌশল’ করছে সরকার: বিএনপি

নারায়ণগঞ্জে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শনিবারের জনসভায় বাধা দিতে সরকার নানা ‘কূটকৌশলে’র আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিং করে এই অভিযোগ তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরের বালুর মাঠের ২০ দলীয় জোটের জনসভায় যাতে জনসমাগম না হতে পারে সেজন্য সরকার কূটকৌশলের আশ্রয় নিয়েছে। জেলার রূপগঞ্জসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা চালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এভাবে হামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সরকারের নানা কূটকৌশলের পরও আগামীকাল কাঁচপুরের জনসভায় ব্যাপক জনসমাগম ঘটবেই।”

শনিবার বিকালে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন ও সরকারের অপশাসনের প্রতিবাদে জনসভায় প্রধান অতিথি হিসেবে জোটনেত্রী খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের থানা বিএনপি নেতা ইব্রাহিম, যুব দল নেতা দেলোয়ার, তরা মিয়া ও আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। রূপগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী হাওয়া বেগম ও জাসাস নেতা আলমগীরের বাড়িতে আওয়ামী লীগের বজলুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করেছে। তারা দু্‌জনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

“আমরা মনে করি এরকম হামলা চালিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে জনসভায় লোক সমাগম যাতে কম হয়, সেজন্য এই ঘৃণ্য কূটকৌশল সরকার করেছে। আমরা এহেন হামলার নিন্দা জানাচ্ছি।’’

একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবিও জানান তিনি।

কাঁচপুরের জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটবে আশাপ্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার জনসভার কথা শুনলেই ক্ষমতাসীনরা আতঙ্কে ভুগে, তারা মূর্ছা যায়। এর আগে কুমিল্লার জনসভার প্রাক্কালে ক্ষমতাসীনরা বিএনপির তোরণ ভেঙে ফেলেছে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ নানা ঘটনা ঘটিয়েছে। এবারও তারা (সরকার) একই অপকৌশলের পথ বেঁছে নিয়েছে।’’

এসময় দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, মুনির হোসেন ও দেলোয়ারা পান্না উপস্থিত ছিলেন।