২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি নিয়ে উপজেলায় যাচ্ছে ১৪ দল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলনে নামার ঘোষণার প্রেক্ষাপটে আগামী জানুয়ারিতে দেশের সব উপজেলায় সমাবেশের কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 07:54 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোটের নেতারা বৃহস্পতিবার এক বৈঠকে এই কর্মসূচি ঠিক করেন। বিজয় দিবস উপলক্ষে ঢাকায় একটি সমাবেশের সিদ্ধান্তও হয়েছে।

আগামী ১৫ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে উপজেলা পর্যায়ের সমাবেশ করা হবে বলে ১৪ দলীয় নেতারা সাংবাদিকদের জানিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “অতীতে বিএনপি জঙ্গিবাদ ও জামাতকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাদের কারণেই জঙ্গিচক্র বিদেশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“বিএনপি-জামাত যে কথাগুলো বলে, তাতে মনে হয় বর্ধমান বিস্ফোরণের চক্রান্তকারীদের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। বিএনপি-জামাত এখন হত্যা ও চক্রান্তের পথে হাঁটছে।”

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল হাসান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক এরামূল হক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, তরীকত ফেডারেশনের মজিবুর রহমান মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।