ফরিদপুর ছাত্রদল সভাপতি আটক
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজসহ চার নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার শহরে একটি বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়।
আটক অপর তিনজন হলেন সৈকত হোসেন, শামিমুল হক ও মনির হাসান সোহাগ।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, পুলিশের অনুমতি ছাড়া মিছিল সমাবেশ করায় তাবরিজসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের খাবাসপুরের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি জনতা ব্যাংক মোড়ের উদ্দেশে বের হয়ে থানার সামনে গেলে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেটা করে। এ সময় ওই চারজনকে আটক করা হয়।
