২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে বঙ্গবন্ধুর জীবনী পড়ার পরামর্শ তোফায়েলের

শেখ মুজিবুর রহমান ‘নির্ভুল রাজনীতি করেছেন’ দাবি করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘ভুল’ না করতে বঙ্গবন্ধুর জীবনী ‘ভালো করে’ পড়তে পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী  ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 09:57 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বর্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তোফায়েল আহমদ বলেন, “দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আপনি ভুল করেছেন।

“আপনার উচিত বঙ্গবন্ধুর জীবনী ভালো করে পড়া। বঙ্গবন্ধু নির্ভুল রাজনীতি করেছেন। তিনি কখনোই নিবার্চনকে বর্জন করেননি।”

প্রধান অতিথির ভাষণে বিএনপি’র সঙ্গে সংলাপের সম্ভাবনাকে এই মুহুর্তে নাকচ করে দিয়ে তোফায়েল আহমদ বলেন,  “প্রধানমন্ত্রী যখন খলেদা জিয়াকে ফোন করে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন তখন উনি কর্কশ ভাষায় তার জবাব দিয়েছিলেন।

“এখন বিএনপি এতিমের মত আমাদের কাছে সংলাপের জন্য অনুরোধ করছে। এখন নয়। সংলাপ হবে অনেক পরে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালের ২৯ জানুয়ারির পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে ‘শেখ হাসিনা সরকার প্রধান’ থাকতেই অনুষ্ঠিত হবে।” 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “আন্দোলনের নামে অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে।”

জিএসপি সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়া মার্কিন পত্রিকায় নিবন্ধ লেখার বিষয়টি উল্লেখ করে তোফায়েল আহমদ বলেন, “জিএসপি বাতিল করলেও সে দেশে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।”

বাংলাদেশ প্রতিটি অর্থনৈতিক সূচকে এগিয়ে গেলেও ‘একটি গবেষণা প্রতিষ্ঠান ও বিএনপির’ তা পছন্দ হচ্ছে না বলেও বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন।

সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান বেপারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।