২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন তো কথা বললেই মামলা: ফখরুল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভিন্নমত একদমই সহ্য করতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

“অবস্থাটা এমন পর্যায় গেছে, এই সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা দেওয়া হচ্ছে,” বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।

মানহানির একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন ফখরুল।

“আজকে তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে গেছে, যখন গণতান্ত্রিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই সরকার এভাবে মামলা দেওয়ার পাঁয়তারা শুরু করেছে।”

তবে এতে শেষ রক্ষা হবে না মন্তব্য করে ফখরুল বলেন, জনগণ হামলা-হামলা প্রতিরোধ করে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় করবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে বিএনপি নেতা বলেন, “এখন রাষ্ট্র স্বয়ং মানবাধিকার হরণ করছে। অবৈধ সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম, খুন, মামলা, হামলা এবং মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করছে।”

দুদকের বক্তব্যের নিন্দা

দুদক কমিশনার এম সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে সাহাবুদ্দিন সাহেব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে যে ভাষায় মন্তব্য করেছেন, তা কোনোভাবে শোভনীয় নয়, রাষ্ট্রীয় শিষ্টাচারবর্হিভূত।

“আমরা জেনেছি, তিনি এক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উচ্চ পর্যায়ের নেতা ছিলেন। তার বক্তব্য সাংবিধানিক পদে দায়িত্বশীল ব্যক্তির মতো ছিল না, তিনি রাজনৈতিক ব্যক্তির মতো কথা বলেছেন।”

বাংলাদেশ এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত বলে দাবি করে আসা বিএনপির মুখপাত্র বলেন, “গোটা দেশের মানুষ জানে, দুদক একটি দলীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। টিআইবি সম্পর্কে তিনি (সাহাবুদ্দিন) যেভাবে কথা বলেছেন, তাতে মনে হয়েছে, টিআইবির প্রকাশ করা দুর্নীতির সূচকের প্রতিবেদনে তার গায়ে আগুন লেগেছে।”

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধির খবরে উদ্বেগ জানিয়ে ফখরুল এজন্যও দুর্নীতিকে দায়ী করেন।

“কুইক রেন্টাল প্ল্যান্টের নামে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ক্ষমতাসীন দলের সমর্থক, দলীয় ব্যবসায়ী ও কিছু বিদেশি বিদ্যুৎ ব্যবসায়ী। এভাবেই অবারিত লুণ্ঠনের দ্বার উন্মোচিত করা হয়েছে।”

সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আ ন হ আখতার হোসেন, শাহজাদা মিয়া, সাখাওয়াত হোসেন জীবন, আমিনুর রশীদ ইয়াছিন, শরীফুল আলম, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, শফিউল বাবী বাবু।