২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে দ্বন্দ্ব

প্রতিনিধি সম্মেলনকে ঘিরে আলাদা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 06:19 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন আহ্বায়ক আসলাম চৌধুরী এবং অন্য পক্ষে কমিটির সদস্য সচিব আবদুল্লাহ-আল-হাসান ও আগের কমিটির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

মঙ্গলবার দুপুরে ‘প্রতিনিধি সভার অনুমতি না দেওয়ার প্রতিবাদে’ নগরীর লালখান বাজার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে আবদুল্লাহ-আল-হাসান।

অথচ একই সময়ে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে প্রতিনিধি সভা করেন আসলাম চৌধুরী।

বিরোধের বিষয়ে সদস্য সচিব আবদুল্লাহ-আল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সাত বছরে অনেকে রাজনীতিতে সক্রিয় ছিল না। তিনি (আসলাম) তাদের মূল্যায়ন করতে চান।

“এই সংক্রান্ত কিছু বিষয়ে তার সঙ্গে আমার দ্বিমত আছে। এটা কেন্দ্র জানে। এম কে আনোয়ার সাহেব উনাকে নিষেধও করেছেন।”

আর গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দাবি, উত্তর জেলা বিএনপিতে কোনো ‘গ্রুপিং’ নেই।

তবে এ বিষয়ে আসলাম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিরোধ নিরসনে গত ২৭ এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নতুন কমিটির আহ্বায়ক সীতাকুণ্ড আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আসলাম। মাস চারেক আগে আহ্বায়ক কমিটিতে আরও ৭২ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় কেন্দ্র থেকে।

মঙ্গলবার দুপুরে নাসিমন ভবন প্রাঙ্গণে উত্তর জেলার আওতাধীন সব উপজেলা ও পৌরসভার নতুন কমিটির ‘পরিচিতি ও প্রতিনিধি সভা’ করেন আসলাম চৌধুরী। উত্তর জেলা বিএনপির ব্যানারে এ সভা হয়।

সভায় আসলাম চৌধুরী বলেন, “অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে যে তীব্র আন্দোলন প্রয়োজন তা গড়ে তুলতে ঐক্যের বিকল্প নেই। পুলিশ-র‌্যাব দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু জনগণের আন্দোলন দমিয়ে রাখা যায় না।

“সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয় তবে জনগণ তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে গণতন্ত্র কী এবং কিভাবে বাস্তবায়ন করতে হয়।”

মিরসরাই উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক কাদের চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ছালাউদ্দিন, খুরশিদ জামিল, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।

একই সময়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ব্যানারেই ‘চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সভার অনুমতি বাতিলের প্রতিবাদে’ সংবাদ সম্মেলন করেন কাজী আবদুল্লাহ-আল-হাসান।

তিনি বলেন, আহ্বায়ক আসলাম চৌধুরী ‘ব্যবসায়িক ব্যস্ততার’ কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনন ; যদিও তিনি ছিলেন নগর কার্যালয়ে সভায়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস কাদের চৌধুরী বলেন, “উত্তর জেলায় কোনো বিভেদ, কোনো গ্রুপিং নেই।”

মঙ্গলবার নগরীর পাঁচলাইশ এলাকার কমিউনিটি সেন্টার কিং অব চিটাগাং-এ উত্তর জেলা বিএনপির যৌথ প্রতিনিধি সভার আয়োজন করা হয়। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় সভা করা সম্ভব হয়নি বলে দাবি এ অংশের নেতাদের।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের সংবাদ সম্মেলনে বলেন, “আমার দৃষ্টিতে বাস্তবে বাংলাদেশের মানুষ একটি বৃহৎ কারাগারে বন্দি আছে।”

“যে স্বাধীনতা অর্জন করেছি, তা রক্ষা করতে হলে আরেকটি আন্দোলন করতে হবে,” বলেন একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর এই ভাই।

লিখিত বক্তব্যে আবদুল্লাহ-আল-হাসান বলেন, “পুলিশ প্রশাসনকে অবহিত করে অনুমতি প্রার্থনা করি। পুলিশ প্রশাসন দরখাস্ত গ্রহণ করে। কিন্তু গতকাল দলকানা পুলিশ হঠাৎ অনুমতি বাতিল করে প্রতিনিধি সভা ‍না করার জন্য পরিপত্র ‍জারি করে।”  

তিনি বলেন, ‘ওপরের নির্দেশে’ সভার অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ কর্মকর্তারা তাকে জানিয়েছেন।

সভার অনুমতি না দেওয়ায় বৃহস্পতিবার উত্তর জেলার অধীন সব উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং শনিবার নগর বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনের শেষে মধ্যাহ্নভোজ চলাকালে ওই রেস্তোরাঁয় ঢোকেন একদল পুলিশ সদস্য।

আবদুল্লাহ-আল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ এসে অতিথিদের চলে যেতে বলে। অনেকে না খেয়ে চলে যান।”

সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক, সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা, বিএনপি নেতা মো. আলাউদ্দিন, মির্জা আকবর কাজী আলমগীর ও এ কে এম আবু তাহের ছিলেন।