আগে দল গোছান, পরে আন্দোলন: সুরঞ্জিত
বিএনপিকে আগে দল সামলে পরে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা ভাবার পরামর্শ দিলেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
৫ জানুয়ারি সামনে রেখে বিএনপির আন্দোলনের প্রস্তুতির খবরে কটাক্ষ করে সোমবার এক আলোচান সভায় তিনি বলেন, যে দলের কমিটি গঠন করলে ‘বিদ্রোহীদের পাল্লা’ ভারি হয়ে যায় ‘সে দল কীভাবে আন্দোলন করবে’ তা তিনি ভেবে পান না।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “আগে নিজের দল গোছান, অসন্তুষ্টি সামলান। তারপর আন্দোলনের কথা ভাবেন।”
আগের দিনই গুলশানে এক অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এবার রাজপথের সংগ্রামে তিনিও থাকবেন।
এর প্রতিক্রিয়ায় সুরঞ্জিত বলেন, “জানুয়ারি আসবে, জানুয়ারি যাবে। বিএনপিকে আন্দোলনের সুযোগ দেওয়া হবে না। যে দলটি ‘অসন্তুষ্টির কমিটি’ নিয়ে নিজ দলের কর্মীরা বিদ্রোহ করে, তাদের দিয়ে আন্দোলন সম্ভব হবে না।”
তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেই লাগাতার কর্মসূচি দেওয়া হবে- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন হুমকিরে জবাবে সুরঞ্জিত বলেন, তেল, গ্যাস বিদ্যুতের দাম এমনভাবে বাড়ানো হবে, সেখানে বিএনপির ‘আন্দোলন করার সুযোগ’ থাকবে না।
“আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে।”
সুরঞ্জিত বলেন, জনগণের মধ্যে অসন্তুষ্টি থাকলে জনগণই আন্দোলন করবে, বিএনপি নেত্রীকে ক্ষমতায় বসাতে নয়।
আওয়ামী লীগ রাজনীতিতে ‘বন্ধুহীন’ এবং ‘এক দেশের উপর নির্ভশীল’ হয়ে পড়েছে - বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্য নাকচ করে সুরঞ্জিত বলেন, “বিএনপি নেত্রীর বক্তব্য অন্তসারশূন্য, বিদ্বেষপূর্ণ ও ঈর্ষামূলক। মিথ্যাচার করে মানুষকে বিপথে পরিচালনা থেকে বিরত থাকুন। তাহলে দেশের মঙ্গল হবে।”
নৌকা সমর্থক গোষ্ঠির আয়োজনে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘চলমান রাজনীতি’ নিয়ে এই আলোচান সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদ হোসেন। অন্যদের মধ্যে হারুণ চৌধুরী,আব্দুল হাই ভূইয়া, নাজির মিয়া ও হুমায়ুন কবির মিজি উপস্থিত ছিলেন।
