ঐক্যবদ্ধ হওয়ার সংকল্প নিউ ইয়র্কের ‘বিজয় সমাবেশে’
প্রবাসে বিএনপির ‘দেশবিরোধী তৎপরতা’ এবং রাজাকারদের যে কোন কর্মসূচির বিরুদ্ধে গণপ্রতিরোধ রচনায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের ঐক্যবদ্ধ করার সংকল্প ব্যক্ত করা হল নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশে।
স্থানীয় সময় ৫ ডিসেম্বর শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জ্যামাইকায় তাজমহল পার্টি হলে ওই ‘বিজয় সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি করা হয় এ অনুষ্ঠানে, যাতে সভাপতিত্ব করেন বিজয় দিবস উদযাপনের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কামরুল হাসান।
পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক ছিলেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন, কন্সাল জেনারেল শামীম আহসান, নিউজার্সির কাউন্সিলম্যান ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার এবং মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডার এম এ বাতেন।
আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজ, ড. প্রদীপ রঞ্জন কর, সরাফ সরকার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুজিব পরিবারের সকলকে হত্যার গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে। লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে। তাই সচেতন থাকতে হবে প্রবাসীদের।
বক্তারা অভিযোগ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এবং আলবদর-রাজাকারেরা এই প্রবাসে ছদ্মনামে তথা মানবাধিকার সংস্থার নামে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। একেক সময় ওরা একেক নাম ব্যবহার করে একাত্তরের ঘাতকদের বিচার ব্যাহত করার নানা অপচেষ্টা চালাচ্ছে। ওদের মুখোশ উন্মোচন করার শপথ গ্রহণ করতে হবে এবারের বিজয় দিবসে।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন জি এইচ আরজু, হোসেন শাহরিয়ার তৈমুর, শিবলী সাদিক, নিখিল কুমার এবং সঙ্গীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, তাজুল ইমাম, শহীদ হাসান, কৌশলী ইমা এবং চিত্রা এষ।
শুরুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান বীর বিক্রমের শুভেচ্ছা বাণী পাঠ করেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি।
স্বাগত বক্তব্য দেন এ ইউনিটের সদস্য সচিব মশিউল আলম জগলু। ইউনিট কমান্ডার বাতেন তার সমাপনী বক্তব্যে, প্রবাসে কোন মুক্তিযোদ্ধা মারা গেলে তার লাশ সরকারী খরচে বাংলাদেশে পরিবহনের নির্দেশ জারির জন্যে প্রধানমন্ত্রী সমীপে আবেদন জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সপ্তাহব্যাপী কর্মসূচি
১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’কে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখা সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে।
‘গণহত্যা, কালোরাত্রি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস স্পষ্ট হয়’ এমন ছবি আঁকার মধ্য দিয়ে ৬ ডিসেম্বর শনিবার শুরু হচ্ছে এ কর্মসূচি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিউ ইয়র্কের সভাপতি মিথুন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “প্রবাসের খ্যাতিমান ২০ শিল্পী রয়েছেন এ টিমে।
তিনি বলেন, “মূল অনুষ্ঠান হবে ১৩ ডিসেম্বর শনিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ১২টা এক মিনিট পর্যন্ত তা চলবে।
সেখানে শহীদ পরিবারের স্বজন ছাড়াও সম্মুখ সমরে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারাও থাকবেন জানিয়ে তিনি বলেন, “সপ্তাহব্যাপী এই আয়োজনে স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধাদের সংগীত, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গণসংগীত, একক দেশাত্মবোধক গান, উন্মুক্ত চিত্র প্রদর্শনী, খ্যাতনামা চিত্র শিল্পীদের উপস্থিতিতে গণহত্যা ও কালোরাত্রির ট্রাফিক মুরাল আর্ট পেইন্টিং, প্রদীপ প্রজ্জ্বলন ও আলোক শোভাযাত্রা রয়েছে কর্মসূচিতে।”
