‘পাঁচ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রের কবর রচিত হয়েছে’
পাঁচ জানুয়ারির ‘নীল নকশার’ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে নগরীর হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিগত ৫ জানুয়ারির নীল নকশার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে নব্য স্বৈরাচারিণী হাসিনা সরকার।
“পৃথিবীতে কোনো স্বৈরাচারী সরকারের শেষ পরিণতি সুখকর ছিল এরকম কোনো দৃষ্ঠান্ত নেই। স্বৈরাচারের পরিণতি হয় কঠিন এবং ভয়াবহ। বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচারের শেষ পরিণতিও ভয়াবহ হবে।”
স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে পাহাড়তলি ও হালিশহর থানা বিএনপির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
গণ-অভ্যুত্থান সৃষ্টির আশা প্রকাশ করে নোমান বলেন, “চলমান গণ-আন্দোলনের ধারাবাহিকতায় গণ-অভ্যুত্থান যখন সৃষ্টি হবে তখন তাসের ঘরের মত স্বৈরাচারী সরকারের মসনদ তছনছ হয়ে যাবে।”
‘নব্য স্বৈরাচার শেখ হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান দিতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান নোমান।
হালিশহর থানা বিএনপির আহ্বায়ক জামাল আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর, আবদুস সাত্তার, কাজী আকবর, কাজী বেলাল ও পাহাড়তলি থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলম প্রমুখ।
