২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাউল খেলতে গিয়ে বিএনপি পা ভেঙে ঘরে: শাজাহান খান

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালানোয় বিএনপি রাজপথের আন্দোলনে সফল হচ্ছে না বলে মনে করেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 01:02 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

তিনি বলেছেন, “ফুটবল খেলায় যারা ফাউল করে তাদের পা ভেঙে যায়। বিএনপি নির্বাচনে ফাউল খেলে সামনে এগোতে চায়। এজন্য পা ভেঙে ঘরে বসে আছে, আর বের হতে পারছে না।”

সরকারি কয়েকজন কর্মকর্তার সঙ্গে খালেদা জিয়ার কথিত বৈঠক নিয়ে আলোচনার মধ্যে শনিবার পুরান ঢাকার কবি নজরুল কলেজে ছাত্রলীগের এক কর্মসূচি একথা বলেন শাজাহান খান।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তার বৈঠকের খবর গণমাধ্যমে এলে তার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, এটা ষড়যন্ত্রের অংশ।

তবে এই ধরনের বৈঠকের খবর অস্বীকার করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নন।

৫ জানুয়ারির ভোট বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবি করে আসছে বিএনপি। তবে এই দাবিতে তাদের আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতারা।

কবি নজরুল কলেজে ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস অ্যান্ড সেইফ ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধনের পর শাজাহান খান বলেন, আওয়ামী লীগ সারা দেশে ‘ক্লিন বাংলাদেশ, সেইফ বাংলাদেশ’ কর্মসূচি শুরু করবে।

“এর মাধ্যমে জামায়াতসহ সব স্বাধীনতাবিরোধী চক্র ও রাজনীতিতে যারা মিথ্যাচার করছে, তাদের দেশ থেকে ঝাড়ুপেটা দিয়ে বের করে দেওয়া হবে।”

ছাত্রলীগের এই কর্মসূচিতে সরকারি কবি নজরুল কলেজের অধ্যক্ষ নাসরীন সুলতানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক গোলাম সারওয়ার কবীর উপস্থিত ছিলেন।