২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সংলাপ হবে না: নাসিম

খালেদা জিয়ার সঙ্গে সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

খালেদা জিয়ার সঙ্গে সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।

মঙ্গলবার বিকালে নাটোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনার সাথে সংলাপ হবে না, সংলাপ হবে নির্বাচন কমিশনের সাথে।

“আপনি এ সরকারকে মানেন না বলে ভাষণ দেন, কিন্তু সারা দুনিয়া এই সরকারকে মেনে নিয়েছে। জাতিসংঘ এই সরকারকে স্বীকৃতি দিয়েছে। হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছে।”

নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নাসিম আরও বলেন,

নির্বাচন ছাড়া দল চলে না। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়েছে। সম্প্রতি সার্ক বৈঠকে নেতারা শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করেছেন।

“আমাদের নেতারা হাওয়া ভবন গড়ে তোলেনি। তারা দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তোলেনি। তবে ভুলত্রুটি কিছু হতে পারে। আমরা তা সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি।”

উপস্থিত নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা খুবই ঝুঁকিতে আছেন। তাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বঙ্গবন্ধুসহ চার নেতা হত্যার বিচার শেষ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে শুরু করেছেন।”

২০১৯ সালের একদিন আগেও ভোট হবে না বলে তিনি জানান।

খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে নাটোর-রাজশাহীতে বাংলা ভাইয়ের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

“ওই সময় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। তারা মানুষকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে। তারা শেখ হাসিনাকে হত্যার জন্য বহুবার চেষ্টা করেছে। তারা নাটোরের মমতাজ, আইনাল হকসহ অসংখ্য আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা করেছে,” বলেন নাসিম।

এর আগে অনুষ্ঠানে অতিথিদের আসতে বিলম্ব হওয়ায় পূর্ব নির্ধারিত শোভাযাত্রার কর্মসূচি বাতিল করে শহরের কানাইখালি মাঠে দুপুর ১২টায় সম্মেলন শুরু হয়।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির নানক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

প্রবীণ নেতা সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক, কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, আখতারুজ্জামান, মির্জা আযম, জুনাইদ আহমেদ প্রমুখ।  

নাসিমের বক্তৃতা শেষ হওয়ার পরপরই জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান নাটোর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পরে কেন্দ্রীয় নেতারা নতুন কমিটি গঠনের লক্ষ্যে শহরের গণগ্রন্থাগারে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন।