খালেদা সংসদে না থাকায় ‘ভালো’ হয়েছে: হাসিনা
বিএনপির ৫ জানুয়ারির নির্বাচন বর্জনে ‘ইতিবাচক’ একটি দিক দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার হবিগঞ্জে এক জনসভায় তিনি বলেন, বিএনপি না থাকায় দশম সংসদ ‘ভালোভাবে’ চলছে।
বিএনপির নির্বাচন বর্জনের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “এক অর্থে ভালোই হয়েছে। পার্লামেন্টে এখন খিস্তি-খেউড় শোনা যায় না। সংসদ ভদ্রভাবে চলছে। সংসদের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। সংসদ ভালোভাবে চলছে।”
৫ জানুয়ারির ভোট বর্জনের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত খালেদা জিয়ার কুমিল্লায় জনসভার দিন একথা বললেন আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রীর জনসভার ঘণ্টাখানেকের মধ্যে কুমিল্লায় ২০ দলের জনসভায় বিএনপি চেয়ারপারসন বলেছেন, দশম সংসদ ‘অবৈধ’ এবং এই সংসদে প্রণীত কোনো আইন বৈধতা পাবে না।
বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আর দশম সংসদে প্রধান বিরোধী দলের আসন নিয়েছে জাতীয় পার্টি, যাদের ‘গৃহপালিত বিরোধী দল’ বলছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতৃত্বাধীন জোট ওই ভোট ঠেকানোর ঘোষণা দিয়ে আন্দোলনে নেমেছিল গত ডিসেম্বরে, যাতে সহিংসতায় অনেক মানুষ নিহত হন।
হবিগঞ্জের নিউফিল্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই জনসভায় শেখ হাসিনা ভোট ঠেকাতে বিএনপি নেতৃত্বাধীন জোটের সহিংস আন্দোলনের সমালোচনাও করেন।
গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা, নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন দেশে শিক্ষার প্রসার চান না দাবি করে তিনি বলেন, “তিনি ম্যাট্রিকে দুটি সাবজেক্টে পাস করেছিলেন। বাংলায় তো করবেনই, আর করেছিলেন উর্দু ও অঙ্কে। উর্দুতে করেছেন, কারণ প্রাণ পড়ে থাকে পাকিস্তানে।”
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষ শান্তিতে থাকে আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে মানুষ অশান্তিতে থাকে।”
হবিগঞ্জের বিবিয়ানায় নতুন কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর এই জনসভায় গিয়ে বিএনপি আমলে জ্বালানি খাতেও চিত্রও তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী।
“বিএনপির নেত্রী বক্তৃতা দিয়ে বেড়ায়, তার সময়ে নাকি দেশে উন্নয়নের জোয়ার বয়ে ছিল। তিনি জোয়ার দেখাতে পারেন আর না পারেন, ভাটার টান দেখিয়েছেন।”
“জোয়ারের ঠেলায় বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিলেন।জেয়ার না ভাটা, তা বোঝার বোধশক্তি উনার নাই।”
“উনি গ্যাসের উৎপাদন কমালেন, বিদ্যুৎ উৎপাদন কমালেন। একটা জিনিসের উৎপাদন বাড়ালেন, সেটা কী? বোমাবাজি, গ্রেনেড, হামলা সন্ত্রাস,” বলেন শেখ হাসিনা।
