এখন বোকা বানানো সহজ নয়: ইমামকে ফখরুল
‘গণমাধ্যমে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের এই ভাষ্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছে বিএনপি।
ছাত্রলীগের অনুষ্ঠানে বক্তব্য নিয়ে সমালোচনার জবাব দিতে সোমবার এইচ টি ইমামের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় এই অবস্থান জানান দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“আজকাল তথ্য প্রযুক্তির যুগে যেখানে খবরাখবর মুহূর্তের মধ্যে ইউটিউবে চলে যায়, সব কিছু রেকর্ড হয়ে যায়, সেখানে গণমাধ্যমের ওপর দোষ দিয়ে জনগণকে আর বোকা বানানো সোজা নয়,” বলেছেন তিনি।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইমাম বিসিএসে মৌখিক পরীক্ষায় ছাত্রলীগ নেতা-কর্মীদের ‘দেখবেন’ বলে আশ্বাস দেন।
গত ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে একই অনুষ্ঠানে তিনি বলেন, “আমি নিজে অনেক উপজেলায় গেছি। সেখানে আমাদের যারা ছিল, তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি। তারা আমাদের পাশে আছে। তারা বুক পেতে দিয়েছে।”
ওই বক্তব্য নিয়ে বিএনপি এবং নিজ দলেও সমালোচনার মধ্যে সোমবার নিজের বক্তব্যের ব্যাখ্যা নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন এইচ টি ইমাম।
তিনি দাবি করেন, তার বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে আসায় তা বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “৫ জানুয়ারি নিয়ে এইচ টি ইমামের বক্তব্যে থলের বিড়াল বেরিয়ে গেছে। তিনি সব ফাঁস করে দিয়েছেন।”
রোববার জাতীয় সংসদে বক্তব্যে ৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনাকারীদের ‘অর্বাচীন’ বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদও জানান ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
“প্রধানমন্ত্রীকে বলতে চাই, তাহলে কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দেশের জনগণ সবাই অর্বাচীন? আসলে প্রধানমন্ত্রীর পায়ের নিচে মাটি নেই। তিনি চোরাবালির ওপর দাঁড়িয়ে কথা বলছেন। তাকে বলব, দয়া করে জনগণের চোখের ভাষা, দেয়ালের লিখন বুঝতে চেষ্টা করুন।”
নির্দলীয় সরকারের অধীনে পরবর্তী নির্বাচন না হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের পরিণতি ‘ভয়ংকর’ হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
“আজ হোক-কাল হোক, নির্বাচন দিতে হবে। তাদের প্রতি আহ্বান থাকবে, দলকে আর বিপদের দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে সব দলের অংশগ্রহণের একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিন।”
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জিএম গউসকে আসামি করার সমালোচনাও করেন তিনি।
“সরকার গণতন্ত্রের কোনো স্পেস রাখছে না। বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। উদ্দেশ্য একটাই- একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে সরকার নির্বাচিত মেয়রদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করা।”
নুরী আরা সাফার সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর সভাপতি সুলতানা আহমেদ, বিলকিস ইসলাম, রেহানা আখতার রানুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
