দলের নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক
আন্দোলনের ঘোষণা দেওয়ার পর উপদেষ্টা, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও আলোচনা করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার রাতের এই বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
স্থায়ী কমিটির সদস্যদর মধ্যে উপস্থিত ছিলেন আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত দুইদিন বিএনপি চেয়ারপারসন তার উপদেষ্টা কাউন্সিল ও ভাইস চেয়ারম্যান-যুগ্ম মহাসচিব-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন।
বিএনপি নেতারা বলছেন, আন্দোলনের কর্মকৌশল ঠিক করার অংশ হিসেবে খালেদা জিয়া দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন।
এছাড়া বিভিন্ন জেলায় জনসভা করছেন বিএনপি চেয়ারপারসন। ওই গণসংযোগের পর নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তার কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
