২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অত্যাচার বাড়লে ঢাল-তলোয়ার: খালেদা

সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ তুলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

কিশোরগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 06:37 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

হাসিনা ‘হিটলারি’ কায়দায় দেশ চালাচ্ছেন: খালেদা

বুধবার কিশোরগঞ্জের জনসভায় তিনি বলেছেন, “বেশি অত্যাচার-নির্যাতন হলে ঈশা খাঁর ঢাল-তলোয়ারের কথা আপনাদের মনে আছে? আপনারা তা বুঝে নেবেন। আমি যখনই আন্দোলনের ডাক দেব, আপনারা অতীতের মতো সাড়া দেবেন।”

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন জেলায় গণসংযোগের পর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা রয়েছে খালেদার, তবে তার এই দাবিতে সরকারের সাড়া নেই।

বর্তমান সরকার আমলে বিএনপির ৩১০ জন নেতা-কর্মী খুন এবং ৫৬ জন গুম হয়েছে দাবি করে খালেদা বলেন, “এভাবে দেশ চলতে পারে না। দেশের মানুষ আর আওয়ামী লীগ সরকারকে চায় না।

“তারা ক্ষমতা থেকে নামলে এরশাদের মতো দুরবস্থায় পড়তে হবে। এদেশের মানুষ তাদের আস্ত রাখবে না।”

বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “আমি স্পষ্টভাষায় বলতে চাই, এভাবে বাধা দেওয়া হলে আমাদের কর্মসূচি দেওয়া ছাড়া অন্য কোনো পথ থাকবে না।”

বর্তমান সরকারকে ‘নব্য মীরজাফর’ আখ্যায়িত করে খালেদা বলেন, “তারা দেশকে নিয়ে খেলছে। এটা হতে দেওয়া হবে না। এই নব্য মীরজাফরকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

“তারা যতই বলুক, এদেশে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এই অবৈধ সরকার থাকতে পারবে না।”

‘র‌্যাব এখন খুনের প্রতিষ্ঠান’

গুম ও হত্যাকাণ্ডের জন্য র‌্যাব এবং বিরোধী দলের ওপর গুলিবর্ষণের জন্য পুলিশকে দায়ী করে এই দুটি সংস্থাকে অস্ত্র ও গোলাবারুদ না দিতেও অন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

“বিদেশিদের বলব, এই দুটি প্রতিষ্ঠান জঙ্গি দমনের নামে দেশের যুবকদের হত্যা করছে। সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করছে।”

নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডে র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ তুলে এই বাহিনীকে প্রশিক্ষণ না দিতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

নিজের আমলে গঠিত র‌্যাবের বিলুপ্তির দাবি আবার জানিয়ে তিনি বলেন, “র‌্যাব এখন খুনের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে যুবকদের ধরে নিয়ে গিয়ে চলে যায়। ওইসব যুবকরা আর নিজেদের বাড়িতে ফিরে আসেনি।”

‘তিন লীগ এখন ভয়াবহ বাহিনী’

গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের উদ্যোগে এই জনসভায় ৪২ মিনিটের বক্তব্যে সরকারের বিরুদ্ধে দুর্নীতি-অপশাসনের অভিযোগ আনেন বিএনপি চেয়ারপারসন।

বিরোধী মত প্রকাশ রুদ্ধ করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং প্রতিকার যেন পাওয়া না যায়, সেজন্য বিচারাঙ্গনেও সরকার প্রভাব খাটাচ্ছে বলে তার অভিযোগ।  

“১/১১ সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি এবং আমার বিরুদ্ধে ৫টি মিথ্যা মামলা হয়েছিল। ক্ষমতায় এসে তিনি (শেখ হাসিনা) নিজের ১৫টি মামলাসহ আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আর আমাদের মামলা ঠিক রাখা হয়েছে।”

“বিচারকদের কাছে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনার মিথ্যা মামলা প্রত্যাহার হলে আমাদের মামলা কেন প্রত্যাহার হবে না? বিচারকদের বলব, আপনারা যদি সঠিকভাবে বিচার না করেন, আল্লাহ আছেন, একদিন আপনাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।”

খালেদা অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘অপশাসনে’ আইনশৃ্ঙ্খলা, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

“দেশে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ- এই তিন লীগ এখন ভয়াবহ বাহিনীতে পরিণত হয়েছে। তারা সব লুটপাট করছে, জমি-জমা দখল করছে, মানুষ খুন করছে। এদের কোনো বিচার হয় না।”

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এক মন্ত্রী, তিনি পুলিশ বিভাগকে ধ্বংস করেছিলেন। এখন তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছেন।”

‘সব তথ্য আছে, প্রকাশ হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দুর্নীতির’ প্রমাণ হাতে রয়েছে দাবি করে তা ভবিষ্যতে প্রকাশের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। 

ওয়ান-ইলেভেনের সময়কার কথা তুলে ধরে তিনি বলেন, “এক বছর আট দিন জেলে ছিলাম। দেশের মানুষকে ছেড়ে যাইনি। আরেক জন (শেখ হাসিনা) জেল ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন।

“তার দুর্নীতি ও অপকর্মের চেক-এর কথা তার ভাই ও জলিল সাহেব স্বীকার করেছেন। এসব আমাদের কাছে আছে, একদিন তা প্রকাশ করা হবে।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসানোর প্রলোভন দেখিয়েছিল বলে দাবি করেন খালেদা জিয়া। তবে তা তিনি গ্রহণ করেননি বলেও জানান।

“ফখরুদ্দীন-মইনুদ্দিন জবরদখল করে ক্ষমতায় বসেছিল। তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। তারা আমাকে কারাগারে প্রস্তাব দিয়েছিল, তাদের বৈধতা দিলে আমাদের ক্ষমতায় বসাবে।”

“আমি তাদের বলেছিলাম, তোমরা ক্ষমতায় বসানোর কে? ক্ষমতায় বসাবে দেশের জনগণ। সেজন্য আমাদের বাদ দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে তারা।”

তখন দুই ছেলেকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার প্রস্তাবও নাকচ করেছিলেন বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

‘অতীত ঝেড়ে পরিবর্তন আনব’

বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে অতীতের সব ত্রুটি শুধরে ‘পরিবর্তন’ আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা।  

“আমরা দুর্নীতি, দলীয়করণসহ অতীতের সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে দেশে পরিবর্তন আনবই।”

ক্ষমতায় যাওয়ার ইচ্ছা না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আমার আর ক্ষমতায় যাওয়ার ইচ্ছা নেই। আমি দেশের জনগণের সঙ্গে থাকতে চাই, দেশের জন্য কাজ করতে চাই।”

তিন রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জে যথাযথ উন্নয়ন হয়নি বলেও জেলাবাসীর সামনে তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

“দুই জন রাষ্ট্রপতি ছিলেন (সৈয়দ নজরুল ইসলাম ও জিল্লুর রহমান), এখন একজন আছেন। একজন রাষ্ট্রপতির ছেলে মন্ত্রীও আছেন। কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের দুরবস্থা দেখে তা স্পষ্ট হয়ে উঠেছে।”

অভিনব অভ্যর্থনা

ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জ পৌঁছে বিকাল ৩টায় সার্কিট হাউসে গেলে অভিনব কায়দায় অভ্যর্থনা জানানো হয় খালেদা জিয়াকে।

বাংলা বার ভূঁইয়ার একজন ঈশা খাঁর এই জায়গীরে তার স্মৃতি ফিরিয়ে আনতে বড় একটি হাতিতে চড়ে ঈশা খাঁর পোশাকে একজন কাঠের তরবারি হাতে নিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান।

আর ময়মনসিংহ গীতিকার মহুয়া ও মলুয়া এবং সখিনার বেশে তিন তরুণী খালেদা জিয়ার হাতে তুলে দেন শুভেচ্ছার ফুল, যার মধ্য দিয়ে ষোড়শ শতকের একটি আবহ আনা হয়।

সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সেরে বিকাল পৌনে ৪টায় খালেদা জনসভা মঞ্চে আসেন, অভ্যর্থনার আবহে বক্তব্যেও ঈশা খাঁর প্রসঙ্গ আনেন তিনি।

জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বলেন, “ম্যাডাম, কিশোরগঞ্জ ঈশা খাঁর দেশ, মহুয়া-মনুয়ার দেশ। তাদের ঐতিহ্য নিয়ে এই এলাকার মানুষ আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা কথা দিচ্ছি, শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে আপনার নেতৃত্বে আন্দোলনে কিশোরগঞ্জবাসী আপনার পাশে থাকবে। এদের হটিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাবে।”

জনসভায় বক্তব্যের আগে কণ্ঠশিল্পী মনির খান, রিজিয়া পারভীন, ইথুন বাবুসহ জাসাস শিল্পীরা মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

৫ জানুয়ারি সংসদ নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে এটা খালেদা জিয়ার সপ্তম জনসভা। কিশোরগঞ্জে ২০০৬ সালের পর এটাই তার প্রথম সফর।

জনসভায় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন, অনেক মিছিলের সঙ্গে ছিল বাদক দলও। 

তাদের হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষ, এছাড়া জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতির পাশাপাশি জেলা নেতাদেরও ছবি ছিল।

জনসভা উপলক্ষে শতাধিক মাইক স্থাপন ও নানা রঙে তোরণ নির্মাণ করা হয়। কিশোরগঞ্জের প্রবেশ পথ ভৈরব সেতু থেকে সার্কিট হাউজ পর্যন্ত ৫৭ কিলোমিটারের পথে ছিল কয়েকশ’ তোরণ।

‘বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফাঁসি’

খালেদা জিয়ার এই সমাবেশে বক্তব্যে জোট শরিক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান বরাবরের মতো যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রশ্ন তোলেন।    

তিনি বলেন, “সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়ে চার কার্যদিবসে তিনজনকে ফাঁসি দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। আমরা বলতে চাই, বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে। সরকারের সিদ্ধান্ত বিচারকরা বাস্তবায়ন করছে।”

কিশোরগঞ্জের মতোই বৃহত্তর ময়মনসিংহের শেরপুরের বাসিন্দা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের প্রশস্তিও করেন দলীয় নেতা মজিবুর।

“কিশোরগঞ্জের পাশের জেলার অধিবাসী কামারুজ্জামান। তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ও জনসভায় ভালো বক্তৃতা দিতেন। তাকে আজ ফাঁসিতে ঝোলাতে চায় সরকার।”

সরকার পরিবর্তন না হলে দেশে ‘ন্যায়ের শাসন’ প্রতিষ্ঠা পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জেলা বিএনপির নেতা শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ওসমান ফারুক, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, আবদুস সালাম, খুররম খান চৌধুরী, রেজাউল করীম খান চুন্নু, মাজহারুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, অসীম সরকার বাঁধন প্রমুখ।