২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া

জোটের জনসভায় যোগ দিতে কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 11:25 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর রওনা হয়।

“বিকালে ৩টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যায় আবার ঢাকায় ফিরবেন।”

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে একই গাড়িতে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন, ‘গুম-খুন, গুপ্ত হত্যা, দুর্নীতিসহ সরকারের অপশাসনের’ প্রতিবাদে কিশোরগঞ্জে এই জনসভা করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে এটি খালেদা জিয়ার ষষ্ঠ জনসভা। সর্বশেষ গত ১ নভেম্বর নাটোরে জোটের এক জনসভায় বক্তব্য দেন তিনি।

এদিকে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জনসভার মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে স্থানীয় বিএনপি। খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জনসভা আয়োজন কমিটির আহ্বায়ক মো. শরীফুল আলম বলেন, জনসভা সফল করতে সব প্রস্তুতিই তারা নিয়েছেন। 

জনসভায় অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুরুদয়াল কলেজ মাঠে আসতে শুরু করেছেন।

নেত্রীকে শুভেচ্ছা জানাতে জেলা শহরের বিভিন্ন স্থানে বড় বড় ব্যানার ও বিলবোর্ড বসিয়েছেন স্থানীয় নেতারা, সেইসঙ্গে নিজেদেরও প্রচার চালিয়েছেন।