২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই ওঠে না: তোফায়েল

আহসান উল্লাহ মাস্টার ও কিবরিয়ার হত্যাকারী এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 08:48 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

রোববার গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের ৬৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “যারা আহসান উল্লাহ মাস্টারকে, অর্থমন্ত্রী কিবরিয়াকে হত্যা করেছে, ২১ অগাস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।

“মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই ওঠে না। নির্বাচন হবে ২০১৯ সালে ২৯ জানুয়ারি আগে ৯০ দিনের মধ্যে যেকোনো একদিন।”

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, হাওয়া ভবনের নির্দেশে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। তার হত্যার কারণ তার জনপ্রিয়তা।

“আজ আমরা বিশ্বে গণতান্ত্রিক দেশ হিসেবে সমাদৃত।”

শেখ হাসিনা যদি বাংলাদেশর প্রধানমন্ত্রী হিসেবে না থাকতেন, তবে বহির্বিশ্বে এ দেশের পরিচিতি হতো একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু খালেদা জিয়ার তা পছন্দ হয় না। তাই তিনি যড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।

তোফায়েল বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, একটা সংবিধান রচনা করেছিলেম। আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে সে সংবিধান তছনছ করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। গোলাম আযমকে নাগরিকত্ব দিয়েছেন।”

মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধীর গাড়িতে খালেদা জিয়া ৩০ লক্ষ শহীদের রক্তের পতাকা তুলে দিয়েছেন, তাদের মন্ত্রী করেছেন। আজকে যখন তাদের ফাঁসির রায় হয়, তখন বিএনপি নিশ্চুপ। তার মানে তারা তাদের পক্ষে।

টঙ্গী থানা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্যাহ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল প্রমুখ।