২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির

বিএনপি নেতৃত্ব একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের সরাসরি বিরোধিতা না করলেও যুক্তরাষ্ট্রে দলটির প্রবাসী নেতা-কর্মীদের এক সমাবেশ থেকে এই বিচার বন্ধের দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

বিচার বন্ধ না হলে ‘পঁচাত্তরের ১৫ অগাস্টের মতো আরেকটি হৃদয়বিদারক পরিস্থিতি কেউ ঠেকাতে পারবে না’ বলেও মন্তব্য করেছেন বিএনপির এক নেতা।

স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই সভা করে বিএনপি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বৈদেশিক উপদেষ্টা মুজিবর রহমান মজুমদারের সভাপতিত্বে বিএনপি নেতা এম এ সবুর, সানাউল্লাহ বাবুল, দেলোয়ার হোসেন, আব্বাস উদ্দিন দুলাল, রকিবউদ্দিন দুলাল, শওকত আলী,  আবু সুফিয়ান, জাসাস নেতা আবু তাহের, শেখ শাহজাহান বক্তব্য দেন।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করে সানাউল্লাহ বাবুল বলেন, “এভাবেই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সারা বাংলাদেশে।”

যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে তিনি বলেন, “একাত্তরের ঘাতকদের বিচারের নামে সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রহসনের এ বিচারের মধ্য দিয়ে দেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে শেখ হাসিনার সরকার।

“বিচার বন্ধ না হলে পঁচাত্তরের ১৫ অগাস্টের মতো আরেকটি হৃদয়বিদারক পরিস্থিতি কেউ ঠেকাতে পারবে না।”

সভায় সব নেতাই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপিকে এগিয়ে নেওয়ার সংকল্প ব্যক্ত করেন।