২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার নাম ডুবিয়েছে হাওয়া ভবন : স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার নাম ডোবানোর পেছনে তারেক রহমানের ‘হাওয়া ভবন’ দায়ী বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার বিকালে জেলার ধুনটে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান হাওয়া ভবন করে বগুড়াকে ডুবিয়েছিলেন।  আর ডুবানোর চেষ্টা দেশের জনগণ মেনে নিবেনা।”

বিগত চার দলীয় জোট সরকারের আমলে বিএনপি চেয়াপার্সনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন অভিযুক্ত হয় ‘দুর্নীতির আখড়া’ হিসাবে। নানা সময়ে আওয়ামী লীগ ও অন্যান্য দলের অভিযোগ ছিলো, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ওই ভবন থেকেই দুর্নীতির ‘কলকাঠি’ নাড়তেন।    

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ট্রেন ছাড়া হয়েছিল উঠতে পারেননি।

“এবার নির্বাচনের ট্রেন ধরতে স্টেশনে দাঁড়িয়ে থাকেন আগামী ২০১৯ সাল পর্যন্ত। নির্বাচনের ট্রেনে ওঠার প্রস্তুতি গ্রহণ করুন। এর আগে সুযোগ নাই।”

এর আগে দুপুরে বগুড়া পৌঁছে শেরপুর উপজেলা টাউনক্লাব পাবলিক লাইব্রেরি ও মহিলা অনার্স কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানেও অংশ নেন তিনি। 

এরপর দুপুর পৌনে ৩ টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সমাবেশে অংশ নেন তিনি।

বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা আয়োজিত রাজশাহী বিভাগীয় চিকিৎসক সমাবেশেও যোগ দেন মোহাম্মদ নাসিম। 

সেখান থেকেই ধুনটের জনসভায় আসেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

ধূনটের মথুরাপুরে জিএমসি কলেজ মাঠের ওই জনসভায় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।