২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের স্মরণসভায় এসে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১

স্মরণসভায় যোগ দিতে এসে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 07:11 PM

Updated : 25 Apr 2022, 04:56 PM

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর মুসলিম হলে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্মরণসভার আয়োজন করে যুবলীগ।

সভা চলার সময়েই হলের বাইরের সড়কে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

সংঘর্ষে আহত রিজওয়ানুল হক সুমনকে (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি থেকে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরে শুরুতে দুই যুবকের মধ্যে হাতাহাতি হলে পরে তা দুইপক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রিজওয়ানুল আহত হন।

কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। সেখানে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়।

তবে অনুষ্ঠানস্থলের বাইরে ঘটায় এই সংঘর্ষের সঙ্গে কারা জড়িত ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

তবে প্রত্যক্ষদর্শী বেশকয়েকজন জানিয়েছেন, হাতাহাতি করা যুবকেরা সবাই স্মরণসভায় আসছিলেন। তারা সিটি কলেজের শিক্ষার্থী হলেও চট্টগ্রাম দক্ষিণ জেলায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের স্মরণসভা হলের ভেতরে ছিল এবং কোন বিশৃঙ্খলা হয়নি।

‘‘কে বা কারা অনুষ্ঠানস্থলের বাইরে কী করেছে তা দেখার বিষয় আমাদের না।’’

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আখতারুজ্জামান বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাতকানিয়ার সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন বাচ্চু ও সৈয়দ মাহমুদুল হক।