২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের জেলা সম্মেলন শেষের তাগাদা হাসিনার

আওয়ামী লীগের জেলা সম্মেলন শেষ করার জন্য কেন্দ্রীয় নেতাদের তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 08:10 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পর শুক্রবারই প্রথম ধানমণ্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে যান শেখ হাসিনা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিকাল সাড়ে ৪টার পর তার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে প্রায় দেড় ঘণ্টা সেখানে থাকেন আওয়ামী লীগ সভানেত্রী। বিকাল ৫টা ৫০ মিনিটে সেখান থেকে বেরিয়ে যান তিনি।

বিকালে রাজনৈতিক কার্যালয়ে যাবেন বলে শেখ হাসিনা সকালে দলের নেতাদের জানিয়েছিলেন বলে সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০২ সাল থেকে ধানমন্ডি ৩/এ সড়কের এই কার্যালয়টি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।

বিগত সময়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক এই কার্যালয়ে হওয়ার কথা উল্লেখ করে আশরাফ বলেন, “নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন জায়গায় যাওয়া সীমিত করা হয়েছে।

“এছাড়া ওই কার্যালয়ের উল্টো দিকে একটি কমিউনিটি সেন্টার থাকায় এবং স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সব সময় তার রাজনৈতিক কার্যালয়ে যান না।”

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকসহ দলের গুরুত্বপূর্ণ বৈঠকগুলো এখন গণভবনেই অনুষ্ঠিত হয় বলেও জানান আশরাফ।