বঙ্গবন্ধু এসেছিলেন ব্রিটিশ ব্যবস্থাপনায়: শাজাহান
বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের মন্তব্যকে ‘উম্মাদের বক্তব্য’ আখ্যায়িত করে নৌমন্ত্রী শাহাজান খান বলেছেন, পাকিস্তানি পাসপোর্টে নয়, বরং বঙ্গবন্ধু দেশে ফিরেছিলেন ব্রিটিশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায়।
ফাইল ছবি
শাজাহান খান বলেন, “বঙ্গবন্ধু পাকিস্তান থেকে যখন আসেন, তখন ব্রিটিশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় ভারত হয়ে বাংলাদেশে আসেন। পাকিস্তানি কোন পাসপোর্টে উনি (বঙ্গবন্ধু) আসেন নাই।”
বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী’ আখ্যায়িত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বলেন, “ইতিহাসের প্রকৃত সত্য সবার সামনে উপস্থাপন করার জন্য যদি কারো বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হতে হয়, তাহলে সেটি হওয়া উচিৎ শেখ মুজিবের নামে।”
শেখ মুজিবুর রহমান একজন পাকিস্তানি নাগরিক হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
স্বাধীন বাংলাদেশের স্থপতিকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আসছেন তারেক। এ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও নানারকম প্রতিক্রিয়া এসেছে।
তারেক রহমানকে ‘উন্মাদ’ ও তার বক্তব্যকে ‘অর্বাচীণ’ আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, “সে এসব কথা বলবেই, কারণ এই তারেক রহমানই তো ২০০৬ সালের ৩ রা জুন ঢাকার পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর রোকনদের সম্মেলনে বলেছিলেন- বিএনপি এবং জামায়াত একই পরিবারের।
“তো ওনাদের (তারেক রহমানের) পরিবারের লোকজনের যখন যুদ্ধাপরাধীদের দায়ে বিচার হচ্ছে তখন তো তারা উন্মাদ হবেই, এই সমস্ত অর্বাচীনের মত কথাবর্তা বলবেই। এইটাই খুব স্বাভাবিক।”
শহররক্ষা বাঁধ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান খানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
