দেশে গণতন্ত্র সংকুচিত: ফখরুল
বর্তমান সরকার দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ‘ধ্বংস করেছে’ মন্তব্য করে নির্বাচনের দাবিতে সবাইকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফাইল ছবি
মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারগুলোও সরকার ‘হরণ করেছে’ মন্তব্য করে ফখরুল বলেন, “এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ- বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈধ সরকারকে সরিয়ে সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “এই দিনটি দেশপ্রেমিক মানুষের কাছে, বিএনপির কাছে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। ওই সময়ে জিয়াউর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল। দেশপ্রেমিক সৈনিক ও জনতা ৭ নভেম্বর তাকে সেনানিবাসের বাসা থেকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।’’
সেদিন জিয়ার মুক্ত হওয়ার মধ্য দিয়েই ‘দেশের স্বাধীনতা রক্ষা পায়’ বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব কেড়ে নিতে ক্ষমতাসীনদের দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, “এটা ক্ষমতাসীনদের প্রলাপ ছাড়া কিছুই নয়। জিয়া স্বাধীনতার ঘোষক, তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন- এটা চিরন্তন সত্য। তার নেতৃত্বেই ৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।
দিবসটি উপলক্ষে শনিবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
