২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার খেতাব কেড়ে নেয়া উচিৎ: কামরুল

একাত্তরে পাকিস্তানের ‘চর’ হিসেবে কাজ করার অভিযোগ এনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর ‘খুনি’ হিসেবেও আখ্যায়িত করেন আওয়ামী লীগ নেতা কামরুল।

তিনি বলেন, “জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট হিসেবে কাজ করেছে। এজন্য তার বীর উত্তম খেতাব কেড়ে নেয়া উচিৎ।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, “১৫ অগাস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করেন। যদি ২০০৪ সালের একুশে অগাস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা খুন হতেন, তাহলে ওই দিন তারেক রহমানও তার জন্মদিন পালন করতেন।”

সম্প্রতি এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সূত্র ধরে তাকে ‘বেয়াদব’ও বলেন কামরুল।

“গয়েশ্বর একটা বেয়াদব…কত বড় বেয়াদব, সে বলে শেখ হাসিনাকে দেশে আসতে দিয়ে জিয়া ভুল করেছিল,” বলেন তিনি।

গত মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে যুবদলের এক সমাবেশে গয়েশ্বর বলেন, “জিয়াউর রহমানের নির্দেশে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। তার নির্দেশেই বিলুপ্ত আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্মকাণ্ড দেখে মনে হয়, জিয়ার ওই নির্দেশ একটি ভুল সিদ্ধান্ত ছিল।”

গয়েশ্বরের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কামরুল ইসলাম বলেন, “সে (গয়েশ্বর) জানে না যে, শেখ হাসিনাকে জিয়া দেশে আনেনি, এনেছে বাংলার জনগণ। জিয়াউর রহমানের এত বড় ক্ষমতা ছিল না যে তার দেশে আসা আটকাতে পারে।”

যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর হরতাল নিয়ে মন্ত্রী বলেন, “আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দেওয়া দেশদ্রোহের শামিল। বাংলাদেশের মানুষকে দুটি পক্ষের একটি বেছে নিতে হবে- হয় মুক্তিযুদ্ধের পক্ষ, নয় তো বিরোধী পক্ষ।”

এদিকে পৃথক এক অনুষ্ঠানে গয়েশ্বরের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “গয়েশ্বরবাবু অস্বাভাবিকভাবে কথা বলেছেন। ইতিহাসের সত্যকে বিকৃত করতেই তিনি এ কথা বলেছেন। তিনি ওই সময়ে স্বাভাবিক ছিলেন কি না আমার সন্দেহ আছে।”