দেশ এখন এক ব্যক্তির ‘সালতানাত’: রিজভী
সরকার দেশে এক ব্যক্তির রাজত্ব চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ফাইল ছবি
আদালতে দলীয় বিচারক নিয়োগ দিয়ে বিরোধী নেতা-কর্মীদের জেল-জুলুমের ‘অক্টোপাসে’ জড়িয়ে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ করে রিজভী বলেন, “উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত যারা ন্যায় বিচারক, বিবেক, মনন, চিন্তা ও নৈতিকতায় স্বায়ত্তশাসিত, সেই সমস্ত ন্যায় পরায়ণ বিচারকদের বিচারিক দায়িত্ব দেওয়া হয় না। ন্যায় বিচার পাওয়ার শেষ ভরসার জায়গাটিতে অবিশ্বাস জন্মানোর কারণে মানুষজন উদ্বেগ-উৎকন্ঠা ও ভীতির মধ্যে দিনযাপন করছে।”
১/১১ এর সময়ে আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয় তুলে ধরে তিনি বলেন, “বর্তমানে একদেশের দুইরকম আইন চলছে। প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ওই সময়ের দায়ের করা সাড়ে সাত হাজার মামলা হাওয়াই মিঠাইয়ের মতো হাওয়া হয়ে গেছে। অথচ বিএনপি চেয়ারপারসনসহ নেতা-কর্মীদের মিথ্যা মামলা খুব যত্নের সাথে লালন করে রাখা হচ্ছে।”
রিজভী বলেন, “একদিকে দুর্নীতি দমন কমিশন এখন অবৈধ সরকারের বিশ্বাসভাজন ধোলাই লন্ড্রিতে পরিণত হয়েছে। এতে আওয়ামী লীগের মাদক ব্যবসায়ী এমপি, ভুমিদস্যু মন্ত্রী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক অভিযুক্ত ব্যক্তিদের সব অভিযোগ সাফাই হয়ে বেরিয়ে আসছে। অন্যদিকে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে মামলা-মোকদ্দমায় দিচ্ছে।”
প্রেস ব্রিফিংয়ে সরকারের মন্ত্রী-নেতাদের মিথ্যাচার ও অপপ্রচারের কঠোর সমালোচনা করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ফরিদা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
