নির্বাচন না হলে দেশ সামরিক শাসনে থাকত: নাসিম
৫ জানুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশে এখন সামরিক শাসনের অধীনে থাকত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বিকালে চট্টগ্রামে এক সভায় তিনি বলেন, ভোট কেন্দ্রে হামলা-ভাংচুরের কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণে এই সভা হয়।
দীর্ঘদিন কিডনি রোগে ভুগে ২০১২ সালের ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান আখতারুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম বলেন, “যদি ৫ জানুয়ারি নির্বাচন না হত, তাহলে বাংলাদেশ থাইল্যান্ড হয়ে যেত। নির্বাচন না হলে বাংলাদেশে মার্শাল ল’ থাকত। তাই শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছেন।”
ভোটের আগে সহিংসতার চিত্র তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছে, বোমা মারা হয়েছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারা হয়েছে।
“মানুষ কিভাবে ভোট দিতে আসবে? তবু ৪০ শতাংশ ভোট পড়েছে। বিএনপি আসলে আরও বেশি ভোট হত।”
দশম সংসদ নির্বাচন নিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেনের মন্তব্যের তীব্র সমালোচনাও করেন নাসিম।
“ড. কামাল হোসেনকে জিজ্ঞেস করতে চাই, সংবিধানে কোথায় লেখা আছে যে কত শতাংশ না হলে ভোট গ্রহণযোগ্য হবে না? আপনিই তো সংবিধান লিখেছেন। কোথাও লেখা নেই।
“আপনি প্রায়ই বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বৈধ হয়নি। ’৭৩ সালের নির্বাচনে বঙ্গবন্ধু তাকে একটি আসন ছেড়ে দেন। উনি নিজেই তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। উনি হলে আমরা হতে অসুবিধা কী?”
বর্তমান সরকারকে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ মেনে নিয়েছে দাবি করে নাসিম বলেন, ভারতে নরেন্দ্র মোদীর বিজয়ের পর বেগম জিয়ার মুখে ‘মোনালিসার হাসি’ ছিল।
“কিন্তু আমেরিকায় গিয়ে মোদী যখন বললেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন আর শেখ হাসিনা দেশ রক্ষা করেছেন, তখনই বেগম জিয়ার হাসি মুছে গেল।”
আওয়ামী লীগের বিরুদ্ধে ‘চক্রান্তকারীরা’ অত্যন্ত শক্তিশালী মন্তব্য করে প্রধানমন্ত্রীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
ফাইল ছবি
“শেখ হাসিনা আগুনের মধ্যে হাত দিয়েছেন। হয় আগুন নেভাতে হবে, নয়ত হাত পুড়ে যাবে।”
“কেউ কখনও ভাবেনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে। তিনি (প্রধানমন্ত্রী) বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। জেল হত্যার বিচার শুরু করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এসব কাজে তার জীবনের ঝুঁকি আছে। তিনিই একমাত্র জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গী দমন করেছেন।”
নাসিম বলেন, সব বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামাজিক উন্নয়ন সূচকে ছাড়িয়েছে ভারতকে।
“এ কথা অমর্ত্য সেন বলেন কিন্তু চট্টগ্রামের ড. ইউনূস বলেন না।”
পরবর্তী নির্বাচনের জন্য খালেদা জিয়াকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তিনি নাকি আন্দোলন করবেন। রোড টু ডেমোক্রেসি করলেন। পুলিশ আসার আগেই নেতারা নেই। পাওয়া গেল শুধু কাজের বুয়াকে।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে স্মরণ সভা সঞ্চালনা করেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আখতারুজ্জামানের পারিবারিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তার ছেলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তাকে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আখতারুজ্জামান চৌধুরীর রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা, ’৭৫ পরবর্তী সময়ে আপোসহীন কর্মকাণ্ড, ব্যবসা জগতে কার্যকর অংশগ্রহণ, দানশীলতা, উদারতা ও মানবিক বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাংসদ মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী ও আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
