জেলহত্যা: জিয়া-মোশতাকের মরণোত্তর বিচার দাবি
জেল হত্যায় মদদ দেওয়ার অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
জেল হত্যা দিবসে সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আয়োজনে নিউ ইয়র্কের ব্রুকলিনে দুটি সমাবেশ হয়।
দুই সমাবেশ থেকেই পঁচাত্তরের ১৫ অগাস্ট এবং ৩ নভেম্বরে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে অতিথি হিসেবে সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন এবং আওয়ামী লীগ নেতা খোরশেদ খন্দকারসহ অন্যরা বক্তব্য রাখেন।
খোরশেদ খন্দকার বলেন, “জিয়াউর রহমানের জন্ম না হলে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে নৃশংসভাবে নিহত হতে হত না। তারেক রহমানের জন্ম না হলে ২১ অগাস্টে গ্রেনেড হামলার মত সন্ত্রাসীকাণ্ডও সংঘটিত হত না।”
লন্ডনে বিএনপির বিভিন্ন সভায় তারেক রহমানের দেওয়া বক্তব্য ‘ক্ষমার অযোগ্য’ মন্তব্য করে সংসদ সদস্য ফজিলাতুননেসা বাপ্পী বলেন, “একদিন তাকে এহেন লাগামহীন কথাবার্তার মাশুল দিতেই হবে।”
তিনি বলেন, “একাত্তরের ঘাতকদের বিচার ঠেকানোর জন্যে বিএনপি নেত্রী খালেদা জিয়া বহু ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক মহলের সাড়া না পেয়ে হরতাল-অবরোধের নামে নাশকতায় লিপ্ত হন। একাত্তরের ঘাতকদের বাঁচাতে এখনও তার মায়া কান্না কমেনি।”
রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, “বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের লালন ও বিকাশে শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী সমাদৃত।
“অক্টোবর মাসে আন্তর্জাতিক অনেকগুলো ফোরামে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জয়ী হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিশ্ববিবেকের সন্দেহ থাকলে সারা বিশ্বের পার্লামেন্টারিয়ানরা বাংলাদেশের প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে চেয়ারম্যান পদে জয়ী করতেন না।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান এবং যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও প্রচার সম্পাদক হাজী এনাম।
অপরদিকে ব্রুকলিনের সুগন্ধ্যা রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সমাবেশে হয়। সংগঠনের সভাপতি ও মো. আব্দুল কাদের মিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, আওয়ামী লীগ নেতা রাফায়েত চৌধুরী, জয়নাল আবদীন, ইসমত হক খোকনসহ অন্যরা সেখানে বক্তব্য দেন।
জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের নির্দেশে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয় অভিযোগ করে তাদের মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা।
দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকারও আহ্বান জানানো হয় ওই সমাবেশ থেকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হন, সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান।
এরপর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ওই বছরের ৩ নভেম্বর চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
