জাতিকে পঙ্গু করতেই ৪ নেতাকে হত্যা: কামাল
বাঙালি জাতিকে পঙ্গু করে দিতেই পঁচাত্তর সালে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন।
সোমবার জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের আলোচনায় সভায় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে নয়; বরং সমগ্র জাতিকে পঙ্গু করে দিতেই ৭৫ সালে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
“১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে হত্যার শিকার ওই চার নেতাই ৭১ সালের স্বাধীনতা সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই ধারাবাহিকতায় ওই বছর ৩ নভেম্বর কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুজিবনগর সরকারের মূল উদ্যোক্তা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে। এই জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কামাল বলেন, “জনগণের সমমর্যাদা, অসাম্প্রদায়িক দেশ আর শোষণমুক্ত দেশ গড়তে গিয়ে তারা তো জীবন দিয়ে গেলেন। আমাদেরকে সংগ্রাম করে তা বাস্তবায়ন করতে হবে, বৈষম্যহীন ও শোষণহীন সমাজ বাস্তবায়ন করতে হবে।
“আজকে কেউ যদি বলে, এই দেশে আমি অসহায়, ভীত। তাহলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়, আত্মদানকারী জাতীয় চার নেতাকে অস্মমান করা হয়।
“চারিদিকে বৈষম্য ভয়াবহ আকার ধারণ করেছে। এইটা কি আমরা মেনে নেব?”
আধঘণ্টার বেশি সময়ের বক্তব্যের অধিকাংশজুড়েই বর্তমান সরকারের প্রচ্ছন্ন সমালোচনা করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রথম সরকারের এই মন্ত্রী।
অন্যতম সংবিধানপ্রণেতা ও জ্যেষ্ঠ আইনজীবী প্রশ্ন তুলেন, “আজকে কি মানুষ শোষণ থেকে মুক্ত হয়েছে? আইনের শাসন পেয়েছে? আইনের আশ্রয় সবাই ভোগ করছে? প্রতিদিন এতো খুন, বিনা বিচারে হত্যা কেন দেখতে হচ্ছে? বিচার না পেয়ে মানুষের যে কান্না প্রতিদিন পত্রিকায় দেখি, এগুলো কেন হচ্ছে?
“সরকারের দায়িত্ব নিয়ে যারা বসে আছেন, তাদেরকে একদিন এর জবাব দিতে হবে।”
দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার অফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহসহ উপস্থিত ছিলেন।
