২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচন না দিলে ‘মধ্যবর্তী সর্বনাশ’: রিজভী

বিএনপির দাবি মেনে নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন না দিলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “সুখের মখমলের গদি ছাড়তে তাদের মন চায় না।

“জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখে মধ্যবর্তী নির্বাচন না দিলে তাদের যে মধ্যবর্তী সর্বনাশের সম্ভাবনা হতে পারে সে সম্পর্কেও আওয়ামী লীগের নেতাদের সচেতন থাকা উচিৎ।”

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপি আগাম নির্বাচনের দাবি জানিয়ে এলেও তাতে সরকারের কোনও সাড়া নেই। সরকারকে বাধ্য করতে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে বিএনপি।

১৯৭৪ সালের মতো ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতেও ষড়যন্ত্র হয়েছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, “১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা সারা বিশ্বের গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তৎকালীন সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে ওই সময় এত বড় মানব বিপর্যয় ঘটেছিল। ওই দুর্ভিক্ষকে প্রধানমন্ত্রী ষড়যন্ত্র বলে সত্যকে ঢাকতে চাচ্ছেন।

“একই ভাবে ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার দেশে দ্বিতীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। ওই নির্বাচনে কোনও বিরোধী দল অংশ নেয়নি। একদলীয় নির্বাচনের মাধ্যমে জনগণকে প্রতারিত করেছে প্রধানমন্ত্রী।”

রিজভী বলেন, “আওয়ামী লীগ কখনও ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বলেই বার বার আছাড় খেয়েছে। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ক্ষমতায় এসে অবিরাম গণবিরোধী কাজ করে এরা দ্রুত গণশত্রুতে পরিণত হয়েছে।”

ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বিরোধী মত দমনের প্রক্রিয়া বেছে নিয়েছে বলেও বিএনপি নেতার অভিযোগ।

“গত পরশু নাটোরে বেগম খালেদা জিয়ার জনসভায় গান গাওয়ার জন্য একজন বিশিষ্ট বাউল, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক আব্দুল খালেককে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করা হয়েছে। তার মাথার চুল কেটে ফেলা হয়েছে। তার অপরাধ সে সরকারের দুর্নীতির ওপর একটি গান গেয়েছিল।”

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, মীর সরফত আলী সপু, আবদুল আউয়াল খান।