২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কথায় ‘আশা’ দেখছে বিএনপি

‘গণতান্ত্রিক সরকার যেকোনো সময় নির্বাচন দিতে পারে’- প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে দ্রুত নির্বাচনের আশা দেখছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2014, 03:12 PM

Updated : 25 Apr 2022, 04:54 PM

শুক্রবার সকালে এক যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, গণতান্ত্রিক সরকার যেকোনো সময়ে নির্বাচন দিতে পারে।

“আমরা মনে করি, এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে জনগণের দ্রুত নির্বাচনের দাবিকে স্বীকার করছেন। সরকার জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে শুরু করেছেন।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার পর এই সংবাদ ব্রিফিং হয়।

ফখরুল বলেন, “জনগণ দেশে একটি দ্রুত নির্বাচন চায়। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায়, তিনি বুঝতে শুরু করেছেন। সেজন্য নির্বাচন নিয়ে তার (প্রধানমন্ত্রী) ওই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি।”

সরকার যখনই নির্বাচন দেবে, তখনই বিএনপি নির্বাচনে যেতে রাজি আছে জানিয়ে তিনি বলেন, “তবে তা হতে হবে সব দলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন।”

বিএনপি নির্বাচন ও আন্দোলনের সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বলেও জানান বিএনপির এই মুখপাত্র।
 

এদিকে ব্রিফিংয়ে ৭ নভেম্বরের ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন ফখরুল।

এর মধ্যে ৭ নভেম্বর উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি হবে। এছাড়া ৫ নভেম্বর থেকে ১৪ নভেম্বর থাকবে ১০ দিনের কর্মসূচি।

কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে আছে- ৭ নভেম্বর ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, ৮ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ।

এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে এই যৌথ সভা হয়।

এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।