রায় না মানার অপসংস্কৃতি চালুর চেষ্টা: হাছান
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতালকে ‘আদালতের রায় না মানার অপসংস্কৃতি চালুর চেষ্টা’ বলে সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।
হাছান বলেন, “যারা হরতাল ডেকেছে, তারা প্রকৃতপক্ষে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকেছে। আদালতের বিরুদ্ধে হরতাল বিচার না মানার, আদালতের রায় না মানার একটি অপসংস্কৃতি চালুর চেষ্টা।”
নিজামীর ফাঁসির রায়ের পর মৃত্যুদণ্ডের বিরোধিতায় বিবৃতি দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নেরও সমালোচনা করেন এই আওয়ামী লীগ নেতা।
হাছান মাহমুদ বলেন, “তারা সাজা কমানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেছে। তাদের জানা থাকা উচিৎ এ রায় সরকার দেয়নি, আদালত দিয়েছে। তাদের এ অনুরোধ আদালত অবমাননা ছাড়া আর কিছুই নয়।”
হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণ যেহতু আজকের হরতালে সাড়া দেয়নি, সেহেতু আগামী রবি ও সোমবারের হরতাল প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছে। নতুবা ধরে এনে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
“অনেকে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমাদের অনুরোধ, বিশৃঙ্খলা করবেন না।”
বিগত চার দলীয় জোট সরকারের সময়ে যুদ্ধাপরাধী দুই জামায়াত নেতাকে মন্ত্রিত্ব দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, “যারা রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল তারাও এর দায় এড়াতে পারে না। কীভাবে কারা এমন সুযোগ দিয়েছিল তাও বিবেচনায় আনতে হবে।”
রায় দ্রুত কার্যকরের দাবি
জামায়াতের ডাকা হরতালের সকালে প্রেসক্লাবের সামনে এক হরতালবিরোধী সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
সকাল ১০টার দিকে এ কর্মসূচি শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সহযোগী সংগঠন একটি মিছিল বের করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির নিজামীকে দিলে বৃহস্পতিবার, রবি ও সোমবার এই হরতালের ঘোষণা দেয় দলটি।
