২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের তথ্য গোপনের মামলায় খোকা অভিযুক্ত

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতেই সম্পদের তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2014, 04:16 PM

Updated : 22 Aug 2022, 07:27 PM

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্য শুরুর জন্য ১৬ নভেম্বর দিন ঠিক করে দেন।

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা এদিন অভিযোগ গঠনের শুনানিতে ছিলে অনুপস্থিত।

তার আইনজীবী মহসিন মিয়া এক আবেদনের মাধ্যমে আদালতকে বিষয়টি জানালে বিচারক খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে তার অনুপস্থিতিতেই মামলার  কার্যক্রম চালানোর আদেশ দেন।

Image
সাদেক হোসেন খোকা, ফাইল ছবি

সাদেক হোসেন খোকা, ফাইল ছবি

২০০৮ সালে ২ এপ্রিল রমনা থানায় দুদকের সহকারী পরিচালক শামসুল আলমের দায়ের করা এ মামলায় অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

ওই বছরই ১ জুলাই দুদক আদালতে খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি অনেকদিন উচ্চ আদালতে স্থগিত ছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলে দিয়েছে এ মামলার বিচার চলাকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। এ কারণে তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হলেও তার বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি করা হয়নি।”