২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর অপসারণ আইওয়াশ: গয়েশ্বর

হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের জন্য আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণে সন্তুস্ট নয় বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “লতিফ সিদ্দিকী আপত্তিকর বক্তব্য দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এতে জনগণ ক্ষেপে আছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“আমরা মনে করি, জনগণের ক্ষোভ চাপা দেওয়ার জন্যই সরকার লতিফ সিদ্দিকীকে দল ও মন্ত্রিসভা থেকে অপসারণ করেছে। এটি আইওয়াশ ছাড়া কিছুই নয়।”

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে সদ্য প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণে এই আলোচনা সভা হয়।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাত দুটোর ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যতটা বিরোধী, তার চেয়ে বেশি হজ আর তাবলিগের বিরোধী।”

এ বক্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে রোববার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় লতিফ সিদ্দিকীকে। পরে তাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকেও অব্যাহতি দেওয়া হয়।

মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীর অপসারণ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, “এটা কোনো শাস্তির আওতায় পড়ে না। কোনো মন্ত্রীকে বাদ দেওয়া কিংবা অপসারণ করার বিষয়টি সরকারের একটি রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে।”

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো ‘অমার্জনীয়’ বক্তব্য রেখে লতিফ সিদ্দিকী সরাসরি ফৌজদারি অপরাধ করেছেন দাবি করে তিনি বলেন, “শুধু মন্ত্রিসভা থেকে বাদ দিলে কিংবা দল থেকে বহিষ্কার করলেই তার শাপ মোচন হবে না।

“যতক্ষণ পর্যন্ত ওই অপরাধের বিচার প্রচলিত আইনে না হবে, ততক্ষণ পর্যন্ত লতিফ সিদ্দিকী ও সরকারের বক্তব্যের মধ্যে কোনো তফাৎ নেই বলে আমরা মনে করি।”

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “সরকারে কয়েকজন পাগল মন্ত্রী আছেন, তারা প্রতিদিন কত কথা বলছেন। আমাদের আন্দোলন করার কোনো ক্ষমতা নেই- ইত্যাদি নানা কথাবার্তা তারা বলে যাচ্ছেন। তাদের এহেন বক্তব্য থেকে মনে হয়, সরকার  নিজের ছায়ার দেখে নিজেরাই ভয় পাচ্ছে।

“আমরা সরকারকে বলতে চাই, যত কলাকৌশল করুন না কেন, আপনাদের ক্ষমতা ছাড়তে হবে। এভাবে চিরদিন আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।”

ভাষাসৈনিক আবদুল মতিনের কর্মময় সংগ্রামী জীবনের আদর্শ অনুসরণ করার আহবানও জানান গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি মো. হানিফ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, কল্যাণ পার্টির সহসভাপতি শাহিদুর রহমান তামান্না প্রমুখ বক্তব্য রাখেন।