জেহাদ স্মরণে বিএনপি
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাজিম উদ্দিন জেহাদের স্মরণে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ‘জেহাদ স্মৃতি স্কয়ারে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে সংগঠনগুলোর নেতা-কর্মীরা শুক্রবার সকাল ৯টার দিকে ‘জেহাদ স্মৃতি স্কয়ারে’ পুস্পস্তবক অর্পণ করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার গোলাম আজাদ, জেহাদের ভাই কে এম বশির, কে এম শরফুদ্দিন, কে এম শহীদ ও বোন চামেলি মাহমুদও এ সময় উপস্থিত ছিলেন।
১৯৯০ সালের এই দিনে স্বৈরশাসক এইচ এম এরশাদ বিরোধী আন্দোলনে সচিবায়লয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে দৈনিক বাংলা মোড়ের কাছে পুলিশের গুলিতে নিহত হন নাজিম উদ্দিন জেহাদ।
তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্র দলের সহসভাপতি ছিলেন।
জেহাদ নিহত হওয়ার পর স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
দিনটি উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিবৃতি দিয়েছেন।
বিকালে জাতীয় প্রেসক্লাবে জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা হবে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা।
এছাড়া সকালে উল্লাপাড়া নবগ্রামে জেহাদের কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করে স্থানীয় ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনগুলো।
