অভ্যুত্থান আসন্ন: রিজভী
আগাম নির্বাচনের দাবি পাশ কাটাতে সরকার সংলাপ নিয়ে ‘ধূম্রজাল’ সৃষ্টি করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে ‘বিভ্রান্তি’ ছড়িয়ে তাদের দাবি পাশ কাটানো যাবে না বলে সরকারকে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “অত্যাচার-চক্রান্ত-সন্ত্রাস-খুন-বিশ্বাসঘাতকতা সত্ত্বেও জনগণের আন্দোলন থেমে নেই। অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান এখন আসন্ন। ধূম্রজাল সৃষ্টি করে সরকারের কোনো পরিকল্পনাই কাজে লাগবে না।”
ফাইল ছবি
নির্দলীয় সরকারের মাধ্যমে ‘সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও সবার অংশগ্রহণমূলক’ নির্বাচন নিশ্চিত করতে বর্তমান ‘অবৈধ’ সরকারকে পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আগের দিন ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “আমরা বার বার বলে আসছি, সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কথা। আমরা এটি বাংলা ভাষায় বলেছি।
“এরপরও প্রধানমন্ত্রী এই সংলাপ নিয়ে এখন যা বলছেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা বলতে চাই, কুরুচিপূর্ণ বা অপকথা বলে প্রধানমন্ত্রী ধূম্রজাল সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করে জনগণের দাবি পাশ কাটাতে পারবেন না।”
সোমবার গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনাদেরই তো তালের ঠিক নাই, কথার ঠিক নাই। ফোন করলে কথা বলেন না, আবার এখন বলে বসতে হবে। দাওয়াত দিলে আসবেন না আবার বলে কথা বলতে হবে। সবসময়ই যেন মনে হচ্ছে যে, মানসিক অশান্তিতে ভুগছেন, কখন কি বলছেন তার কোন ঠিক ঠিকানা নাই।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতনের অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, “এই ঈদের মাঝেও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুল সালাম পিন্টু, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এক ভয়ঙ্কর দমন-পীড়নের মধ্যে; আমরা বিরোধী দলের যারা বাইরে আছি, তারাও আতঙ্কে আছি।”
কুমিল্লার লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশের দেয়া প্রতিবেদন ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে দাবি করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “প্রায় এক বছর পর গত সেপ্টেম্বরে পুলিশ এক হাস্যকর প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ওই দুজন হয়তবা দুষ্কৃতিকারীদের হাতে অপহরণ হয়েছে। অথচ মামলার সাক্ষীরা বলেছে, অপহরণ করেছে র্যাব।”
‘প্রকৃত অপরাধীদের’ বাঁচাতে ওই প্রতিবেদন দেয়া হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, “নারায়ণগঞ্জের সাতখুনের মামলার আসামির তালিকায় যেসব র্যাব কর্মকর্তার নাম আছে, তারাই এক সময়ে কুমিল্লার লাকসামে কর্তব্যরত ছিল।”
বিএনপি ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শাহাজাদা মিয়া, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
