২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম থেকে ‘খন্দকার’ বাদ দেবেন সাংসদ

নিজের নামের সঙ্গে পৈত্রিক সূত্রে পাওয়া ‘খন্দকার’ পদবি আর ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 10:35 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ ঘোষণা দেন তিনি।

মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক একে খন্দকারের লেখা বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ও ‘ইতিহাস বিকৃতি’র প্রতিবাদস্বরূপ তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।  

সভায় সংসদ সদস্য গোলাম ফারুক বলেন, বঙ্গবন্ধুকে খাটো করে এবং ইতিহাস বিকৃত করে বই লিখেছেন একে খন্দকার। আর বঙ্গবন্ধুর খুনি হলেন খন্দকার মোশতাক। তাদের নামের সঙ্গে খন্দকার থাকায় এখন থেকে তিনি ‘খন্দকার’ নাম ব্যবহার করবেন না।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউর রহিম লাল ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ।

এবিষয়ে জানতে সাংসদের সঙ্গে তার মোবাইল ফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার একান্ত রাজনৈতিক সহকারী কামরুজ্জামান রকি বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

এবিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল বলেন, সাংসদ গোলাম ফারুক তার নামের সাথে খন্দকার ব্যবহার না করার কথা বলেছেন।

ওই এলাকার সাবেক সংসদ সদস্য এ কে খন্দকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত সরকারে পরিকল্পনামন্ত্রী ছিলেন। এইচ এম এরশাদের সরকারেও মন্ত্রী ছিলেন তিনি।

সম্প্রতি এ কে খন্দকারের লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশের পর থেকে  সমালোচনার মধ্যে রয়েছেন বীরউত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধা।

বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান লিখেছেন, ৭ মার্চ স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ শেষ হয়েছিল ‘জয় পাকিস্তান’ বলার মাধ্যমে।

এরপর সংসদে তীব্র সমালোচনার পাশাপাশি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার দাবিও উঠেছে।

পুরনো খবর:

নিজের গ্রামে ‘অবাঞ্ছিত’ এ কে খন্দকার