২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোতে জিয়ার নামে সড়ক বাতিল দাবিতে বিক্ষোভ

জিয়াউর রহমানের নামে শিকাগো শহরের একটি সড়কের অংশ বিশেষের নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 05:18 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শুক্রবার শিকাগো সিটি মেয়র কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা অংশ নেয়।

তাদের হাতে ছিল জিয়াউর রহমানকে ‘জাতীয় বেঈমান’, ‘ঠাণ্ডা মাথার খুনি’ ও ‘সামরিক স্বৈরাচার’ লেখা ব্যানার, প্ল্যাকার্ড।

পরে বিক্ষোভকারীরা শিকাগো শহরের মেয়রের কাছে একটি স্মারকলিপি দিয়ে জিয়ার নামে সড়কের নাম করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।   

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে শিকাগো আওয়ামী লীগের বর্ষণ ইসলাম ও শামসুল ইসলামসহ ওহাইয়ো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, নিউ জার্সি, ইলিনয় প্রভৃতি অঙ্গরাজ্যে থেকে নেতা-কর্মীরা অংশ নেন।

গত ২৮ মে শিকাগো সিটি কাউন্সিলে ‘অনারেবল জিয়াউর রহমান ওয়ে’ নামে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাব অনুযায়ী সিটির নর্থ ক্লার্ক অ্যাভিনিউর ওয়েস্ট প্র্যাট বুলেভার্ডের ৬৮০০এন ক্লার্ক থেকে ওয়েস্ট আলবিয়নের ৬৬০০এন ক্লার্ক পর্যন্ত সড়কের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করার সিদ্ধান্ত হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর রোববার ওই সড়কের নামফলক উন্মোচনের কথা রয়েছে।

এই খবর প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সিটি মেয়র রাহম ইমানুয়েলসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ই-মেইল পাঠিয়ে এ সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানায় তারা।

১৯৯৭ সালের ১০ অক্টোবর শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউর একটি বিরাট অংশকে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের নামে ‘শেখ মুজিব ওয়ে’ এবং অপর প্রান্তের আরেকটি সড়ককে বাংলাদেশের কৃতি সন্তান বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নামে ‘এফ আর খান ওয়ে’ হিসেবে নামকরণ করা হয়।

‘শেখ মুজিব ওয়ে’ হওয়ার পরই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ দল বিএনপির প্রবাসী নেতা-কর্মীরা জিয়াউর রহমানের নামে একটি সড়কের নাম করার জন্য দেন-দরবার শুরু করেন। দীর্ঘদিনের চেষ্টায় গত ২৮ মে সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের অ্যালডারম্যান (কমিশনার) যোসেফ ম্যুরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ‘অনারেবল জিয়াউর রহমান ওয়ে’ প্রস্তাবটি পাস হয়।

যে সড়কটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়ার নামে হচ্ছে, এন ক্লার্কের ওই এলাকায় বসবাসকারীদের অধিকাংশই স্প্যানিশ। সেখানে বাংলাদেশিদের বসবাস নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিকাগো সিটির বাঙালিদের অন্যতম নেতা শামসুল ইসলাম।

এই নাম বাতিলের দাবির পক্ষে যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর শিকাগোর সমাবেশে বলেন, “যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছেন জিয়াউর রহমান। তার শাসনামলে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের নামে সহস্রাধিক মেধাবী সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।”

আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, “সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ে ‘ঠাণ্ডা মাথার খুনি’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।”

শিকাগোর মতো একটি শহরের রাস্তার নাম যদি জিয়ার নামে হয়, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন বক্তারা।

শিব্বির আহমেদ নামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রের কার্যালয়ের সামনে বিক্ষোভের পর তারা সিটি কাউন্সিলে এ প্রস্তাব উত্থাপনকারী অ্যালডারম্যান যোসেফ মুরের অফিসে গেলেও তাকে পাননি। পরে তারা সিটি মেয়র বরাবর একটি স্মারকলিপি দেন মেয়রের যোগাযোগ বিষয়ক পরিচালক মার্গারটে ট্যাসের মাধ্যমে।

শিব্বির বলেন, “মেয়র অফিস থেকে কেউ রোববারের নামফলক উন্মোচন অনুষ্ঠানে যাবেন না বলে মেয়রের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক উপপরিচালক এমিলি বারম্যান আমাদের বলেছেন।”

এমনকি প্রচলিত রীতি অনুযায়ী মেয়রের পক্ষ থেকে উদ্যোক্তাদের যে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়, তাও আর করা হবে না বলে বারম্যানকে উদ্ধৃত করে জানান বিক্ষোভে অংশ নেয়া শিব্বির।

শিকাগো শহরে ১৫০০ রাস্তার নাম বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নামে করা হলেও এই প্রথম বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিটি প্রশাসনের কর্মকর্তারা।

বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এ শহরের কোনো রাস্তার নামকরণের রীতি নেই বলেও জানান তারা।

নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্রের সংবিধান বিতর্কিত কোনো ব্যক্তিকে সম্মান জানানোর অধিকার দেয়নি। জিয়াউর রহমান নানা কারণে বিতর্কিত।”

নিউ ইয়র্কেও প্রতিবাদ সভা

শিকাগো সিটি প্রশাসনকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘জিয়াউর রহমান ওয়ে’ প্রস্তাব অনুমোদন করা হয়েছে অভিযোগ করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত ও প্রচলিত রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে নিউ ইয়র্কের এক প্রতিবাদ সভা থেকে।

শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এ প্রতিবাদ সভা করা হয়। এতে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডারসহ বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদ অংশ নেন।

বিএনপির প্রস্তুতি

রোববারের নামফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরসহ লন্ডন ও ঢাকা থেকেও বিএনপির নেতা-কর্মীরা শিকাগো যাচ্ছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈদেশিক বিষয়ক উপদেষ্টা মুজিবর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিয়াউর রহমানের মতো একজন খাঁটি দেশপ্রেমিককে যথাযথ মর্যাদা প্রদানের জন্যে শিকাগো সিটি কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানিয়েছি।”