২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক অপসারণ বিল: বিএনপি জোটের সমাবেশ শুরু

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 04:07 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

বিএনপির মহানগর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৩টায় এই সমাবেশের কার্যক্রম শুরু হয়।

খোলা ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে এই সভা পরিচালনায় আছেন বিএনপির মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার শুরুর পর প্রথম বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক। 

এরপর স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন মুন্না ও ইসলামী ছাত্র শিবিরের কার্যনির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন বক্তৃতা দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য অধ্যাপক তাসনীম আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশের মঞ্চে রয়েছেন।

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুরু থেকেই সরকারের এ উদ্যোগের বিরোধিতা করে আসা বিএনপি বলছে, এ আইন পাস হলে দেশে ন্যায়বিচার থাকবে না। ‘জনগণকে সঙ্গে নিয়ে’ সরকারের এই ‘কুটিল চক্রান্ত’ রুখে দিতে ২০ দলের পক্ষ থেকে ঢাকায় এই সমাবেশে ঘোষণা দেয় বিএনপি।  

এই সমাবেশ ঘিরে দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে থাকেন। জনসভাস্থলে চারপাশ এবং অস্থায়ী মঞ্চের পেছনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন সকাল থেকেই।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা বিশাল ব্যানার নিয়ে সমাবেশস্থলের ডান দিকে অবস্থান নিয়ে আছেন।

মঞ্চের সামনে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানুসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে টাঙানো হয়েছে ডিজিটাল ব্যানার ও পোস্টার।

মির্জা আব্বাসসহ ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও প্ল্যাকার্ডও দেখা গেছে।

গত ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর রাজধানীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের দ্বিতীয় সমাবেশ এটি। এর আগে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে গত ১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করেছিল তারা।