পারছেন না মির্জা আব্বাস
কেন্দ্র থেকে দুই মাস সময় বেঁধে দেয়া হলেও এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আহ্বায়ক মির্জা আব্বাস।
আর এজন্য সরকারকে দায়ী করে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
সাদেক হোসেন খোকা নেতৃত্বাধীন কমিটি ভেঙে গত ১৮ জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে প্রধান করে ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন খালেদা জিয়া।
১৮ সেপ্টেম্বরের ডেটলাইন সামনে রেখে বিভিন্ন সভা চালিয়ে যাচ্ছেন মির্জা আব্বাস। সোমবারও নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠক করে আহ্বায়ক কমিটি।
সভা শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, মহানগরের ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি গঠনের জন্য ১৫টি টিম দিনরাত কাজ করছে।
“নানা বাধা-বিপত্তির মধ্যেও আমরা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছি, অগ্রগতিও আছে। তবে অনেক জায়গায় সাংগঠনিক কমিটির বৈঠক করতে বাধা দেয়া হচ্ছে। ফলে কেন্দ্র থেকে যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে কমিটি গঠনের সব কাজ শেষ হবে না।”
ঢাকার ৪৯টি থানা, ১০০টি ওয়ার্ড ও ১৮টি ইউনিয়নের সাংগঠনিক কমিটি নিয়ে বিএনপির ঢাকা মহানগর গঠিত।
দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ওয়ার্ড ও থানা কমিটি গঠনের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়।
মির্জা আব্বাস বলেন, “বর্তমান সরকার একটি ফ্যাসিস্ট সরকার। তারা পদে পদে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। তারা একদিকে মিছিল-মিটিং করতে দিচ্ছে না, অন্যদিকে সাংগঠনিক সভা করতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”
পাশাপাশি দলীয় কর্মসূচির কারণে কমিটি গঠনের কাজে পুরোপুরি মন দেয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ কমিটির ৪৫ সদস্য।
