জঙ্গিবাদ, মিথ্যাচার ও হলুদ সাংবাদিকতা গণমাধ্যমের শত্রু: ইনু
বাণিজ্যক স্বার্থ ও প্রশাসনিক হস্তক্ষেপ থেকে গণমাধ্যমকে রক্ষার জন্য সম্প্রচার নীতিমালার অধীনে সমন্বিত আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
একইসঙ্গে বর্তমানে জঙ্গিবাদ, মিথ্যাচার ও হলুদ সাংবাদিকতাকে গণমাধ্যমের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে মনে করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মত দেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, “নীতিমালা হচ্ছে দিকনির্দেশনামুলক। এটা আইন নয়। বহু ক্ষেত্রে নীতিমালা আছে, নীতিমালা পথ দেখায়। সেই আলোকে আইন হয়।
“গণমাধ্যমকে অযাচিত বাণিজ্যক স্বার্থ ও প্রসাশনিক হস্তক্ষেপ থেকে রক্ষার জন্য একটি সমন্বিত আইন দরকার। আমরা সেরকম একটি আইন দেয়ার চেষ্টা করছি।”
“নিয়ম ভঙ্গকারীদের তোষণ করা, আড়াল করা, পৃষ্ঠপোষকতা করা, মহিমান্বিত করার জন্য গণমাধ্যম নয়। গণমাধ্যম বর্তমানের চালচিত্র ধারণ করে কিন্তু এমন কোনো ঘটনার ধারাবাহিক প্রচার করবে না যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”
তথ্যমন্ত্রী বলেন, “আমার বিবেচনায় এই মুহূর্তে গণমাধ্যমের সবচেয়ে বড় প্রতিপক্ষ জঙ্গিবাদ, মিথ্যাচার ও হলুদ সাংবাদিকতা।”
রাজধানির নিকেতনে নিজস্ব কারর্যলায়ে ‘বর্তমান সময় এবং বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক আলোচনার আয়োজন করে ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ (ফিমস)।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পত্রিকা ও টিভি চ্যানেলের সম্পাদক, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতারা বক্তব্য রাখেন।
ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, “কে পত্রিকা বা টিভি চ্যানেলের মালিক হবে তার একটা নীতিমালা থাকা দরকার। আজকে যে দর্জি কালকে সে পত্রিকার মালিক হচ্ছে, আবার ট্রান্সপোর্ট ব্যবসায়ী টিভি চ্যানেল খুলছেন। সম্পাদক কে হবে সেবিষয়েও নীতিমালা থাকা দরকার।”
সোস্যাল মিডিয়া, আকাশ সংস্কৃতি, গণমাধ্যমে দক্ষ জনবল ইত্যাদি বিষয়ে যথাযথ আইন ও কর্তৃপক্ষ তৈরি এবং তথ্য অধিকার আইন কার্যকর করার প্রস্তাব করেন তিনি।
অভিনেতা আলী যাকের বলেন, মূল্যবোধের অভাবে আমরা বিদেশি অপসংস্কৃতি গ্রহণ করছি। এগুলো নৈতিকতার বিষয়। এজন্য চ্যানেল মালিকদের নিজস্ব কিছু নীতিমালা থাকতে পারে, যা বাংলা, বাঙালি ঐতিহ্য ধারণ করে রাষ্ট্রের বিপক্ষে যাবে না। শুধু আইন করে এসব সম্ভব হবে না, সকলকে ঐকমত্যে পৌঁছাতে হবে।
এনটিভি’র প্রধান বার্তা সম্পাদক জহুরুল আলম বলেন, গণমাধ্যমের ঈর্ষান্বিত বিকাশ হয়েছে। তবে সবকিছু ঠিকভাবে হয়েছে বা হচ্ছে তা বলবো না। এজন্য একটি নীতিমালা থাকা দরকার। তবে তার আগে একটি স্বাধীন কমিশন গঠন করা দরকার।
নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চু বলেন,“একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের জন্য আমরা সরকার সহযোগিতা করবো, যাতে একটি স্বাধীন সম্প্রচার নীতিমালা পাই।”
সভায় অন্যন্যের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুণ অর রশিদ, চলচ্চিত্র পরিচালক সানিয়াত চৌধুরী, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও ফিমসের সভাপতি ফরিদুর রেজা প্রবাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিমসের পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দিন জাকি।
