যন্ত্রযান নিয়ে তথ্যমন্ত্রীর তিন পরামর্শ
পুলিশের হাতে আটক হয়ে ‘থানার ভাগাড়ে মৃত্যুপথযাত্রী’ গাড়ির ছবি দেখে যন্ত্রযানের ‘নিঃসঙ্গতা’ অনুভব করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বললেন, আটকে না রেখে এসব গাড়ি মালিককে ব্যবহারের সুযোগ দিতে আইন হওয়া উচিৎ।
সাংবাদিক শফিক রহমানের তোলা ৩৭টি আলোকচিত্র নিয়ে শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে ‘যন্ত্রযানের যাপিত জীবন….’ শিরোনামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী।
প্রদর্শনী কক্ষের দেয়ালে ঝোলানো ছবির দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি বলেন, যাপিত জীবন শেষেই হোক, আর মামলার ফেরে আটকে থাকার সময়ই হোক, এসব যন্ত্রযানের ‘একটা নিঃসঙ্গতা’ আছে।
“এই যে কিছু ছবি দেখছি, আমার কাছে মনে হচ্ছে, বেচারা (গাড়ি) জঙ্গলের ভেতরে একটা নিঃসঙ্গতা নিয়ে পড়ে আছে। মানুষ না; তারপরও তার একটা নিঃসঙ্গতা আছে।”
যন্ত্রযানের এই ‘নিঃসঙ্গতার প্রকাশ’ ঘটাতে পারায় আলোকচিত্রীর প্রশংসা করেন ইনু।
“এটা আমাকে যখন এতোগুলো চিন্তা করতে শেখাল, আমার দেশের সরকারকেও চিন্তা করতে শেখাবে।”
এ বিষয়ে সরকারের সামনে তিনটি পরামর্শ রাখেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “যন্ত্রযানের যাপিত জীবন শেষে পরিকল্পিতভাবে পুনর্ব্যবহারের জন্য সরকার ব্যবস্থা নিতে পারে। মামলায় জড়ানো যন্ত্রযানকে ফেলে রেখে সম্পদের অপচয় না করে বরং তড়িৎগতিতে মালিকদের কাছে বা নিলামে দিয়ে দিতে পারে।
“যন্ত্রযানের নিয়ম কানুন সম্পর্কে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা উচিত, যাতে মামলা ও দুর্ঘটনা কম হয়। এই তিনটি পরামর্শ আমি সরকারকে দিচ্ছি। আমি নিজেও আমার বন্ধুদের সঙ্গে পরামর্শ করব।”
যেসব গাড়ির ‘জীবনকাল’ শেষ, সেগুলোকে ‘রিসাইক্লিং’ করারও পরামর্শ দেন তিনি।
“পুলিশের হেফাজতে যে সব যন্ত্রযান আছে, একজন রাজনীতিবিদ হিসাবে আমার কাছে যেটা লেগেছে, সম্পদের অপচয় কেন হবে? মামলায় পড়েছে মামলা শেষ করেন। সেই সঙ্গে সক্ষম যন্ত্রযানকে ব্যবহারের সুযোগ দিন।”
“কীভাবে দিবেন? সেটা আইনের মাধ্যমে দিন। দ্রুত দিন। বাংলাদেশ অচল যন্ত্রযানের ভাগাড় না। যত্রতত্র ফেলে রাখতে পারেন না। এটা পরিবেশ দূষণ করে। এটা বিপদজনক।”
আলোকচিত্রী শফিক রহমান বলেন, বিআরটিএ’র জুলাই মাসের হিসাবে ঢাকার রাস্তায় ৮ লাখ ১৩ হাজার ১৮৪টি গাড়ি রয়েছে। প্রতি বছর যোগ হচ্ছে ১০ হাজারেরও বেশি গাড়ি। এই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি সংক্রান্ত অপরাধও বাড়ছে।
“২০০৯ সাল থেকে ঢাকার পশ্চিম ট্রাফিকে ৮ লাখ ৯৩ হাজার ৯৩৫টি মামলা হয়েছে। প্রতি বছর এ বাবদে ৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় হয়।”
২০১০ সাল থেকে চলতি বছরের অগাস্ট পর্যন্ত ঢাকার পশ্চিম ট্রাফিক বিভাগ ৫৭ হাজার ৫০৩টি গাড়ি ও রিকশা আটক (সিজ) করেছে। এর বাইরেও অপরাধের আলামত হিসাবে বা আইনসম্মত মালিক না পাওয়ার কারণেও অনেক গাড়ি আটক করা হয় বলে জানান এই আলোকচিত্রী।
অন্যদের মধ্যে সাংসদ কাজী রোজী, স্থপতি শামসুল ওয়ারেস, চিত্রশিল্পী সৈয়দ হাসান মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
ইংরেজি সাময়িকী ‘প্রোব’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক শফিক রহমানের ছবি নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
