‘আঙুল বাঁকা করতেই হবে’
বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সরকার প্রত্যাখ্যান করে আসায় তাদের সামনে এখন আন্দোলনের বিকল্প নেই।
বুধবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “তাদের (সরকার) কথা-বার্তার দাপট এমন যে তারা বলছেন, ১০০ বছরেও সমাঝোতায় আসবে না।
“এরা কথা শুনবে না। আমাদের কাছে এখন আন্দোলন ছাড়া অন্য কোনো কোনো বিকল্প পথ খোলা নেই। সেক্ষেত্রে আঙ্গুল বাঁকা করতেই হবে।”
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসের অনুষ্ঠানে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
আন্দোলনের সক্ষমতা নিয়ে আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিএনপি সেই দল, তারা জানে আন্দোলন কিভাবে করতে হয়। এই দল বাংলাদেশের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেনি।”
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটির বিচার বিশেষ এজলাসে নেয়ায় এর পেছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে মনে করেন বিএনপি নেতা।
“তারপরও আইনের প্রতি বেগম খালেদা জিয়া শ্রদ্ধাশীল বলেই ওই অস্থায়ী আদালতে তিনি আজ হাজির হয়েছিলেন।”
শুনানির সময় আলিয়া মাদ্রাসার সামনে বিশেষ এজলাসের বাইরে জেড়ো হওয়া বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দাও জানান ফখরুল।
খালেদা জিয়ার ছেলে সরকারের ‘ষড়যন্ত্রের’ শিকার দাবি করে তিনি বলেন, “তারেক রহমান সত্য কথা বললেই সরকারের মন্ত্রীদের গাত্রদাহ হয়। তারা অশালীন কথা-বার্তা বলে, গালিগালাজ করে।”
তারেকের দেশে ফেরার বিষয়ে ফখরুল বলেন, “দানবীয় শক্তির কারণে তাকে দেশে ফিরিয়ে আনাটা নিরাপদ হবে না। তিনি আমাদের নেতা। তাকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে।”
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এ কে খন্দকারের লেখা ‘১৯৭১:ভেতরে-বাইরে’ গ্রন্থের কথা তুলে ধরে বিএনপি নেতা বলেন, “তিনি অনেক সত্য কথা লিখেছেন।
“মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক সাবেক বিমানবাহিনী প্রধান তার বইতে লেখেছেন, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল, তা আমি মনে করি না। এই ভাষণের শেষ শব্দ ছিল জয় পাকিস্তান।”
“এই গ্রন্থে তিনি আরো লিখেছেন, একাত্তরের ২৫ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু পাকিস্তানিদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন।”
এ কে খন্দকারের সদ্য প্রকাশিত বইটি দলীয় নেতা-কর্মীদের পড়ার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফখরুলের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতা আ ফ ম ইউসুফ হায়দার বক্তব্য রাখেন।
