২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা খুনি: ফখরুল

আন্দোলন দমানোর নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত শত নিরীহের প্রাণ নিয়েছেন অভিযোগ করে বিএনপি মুখপাত্র বলেছেন, তিনি নিজে খুনি, তার দল খুনের দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 02:36 PM

Updated : 25 Apr 2022, 04:35 PM

রোববার সকালে নয়া পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গতকাল (শনিবার) এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, খালেদা জিয়া, তারেক রহমান খুনি। ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের আন্দোলনকে তিনি খুনের আন্দোলন বলেছেন।

“আমরা বলতে চাই, সমগ্র জাতি জানে গণতান্ত্রিক আন্দোলনে নভেম্বর থেকে জানুয়ারি মাসে শেখ হাসিনার পেটোয়া বাহিনী প্রায় ৫ শতাধিক আন্দোলনরত নেতা-কর্মীকে র‌্যাব-পুলিশকে দিয়ে হত্যা করেছে। ৬৫ জনকে গুম করা হয়েছে। শেখ হাসিনা নিজে খুনি, তার দল খুনের দল। শত শত নিরীহ তরুণের রক্তে তার হাত রঞ্জিত।”

শনিবার এক অনুষ্ঠানে বিএনপিকে খুনিদের দল হিসাবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, “৫ জানুয়ারি নির্বাচনে সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনী মানুষ খুন করে হত্যা করেছে। এখন তারাই আবার সরকারি অর্থ ব্যয় করে ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান করছে।

“অন্যদিকে গুম ও হত্যা হয়ে যাওয়া পরিবারের সদস্যদের নিয়ে আমরা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান করতে চেয়েছিলাম। সেই অনুষ্ঠানকে সরকার বন্ধ করে দিলো। এই সরকারের চেহারা।”

সরকারকে জনবিচ্ছিন্ন আখ্যায়িত করে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার যদি এতোই জনপ্রিয় হয়, তাহলে কেন নির্বাচন দিচ্ছেন না। নির্বাচন দিয়ে দেখুন, জনগণ কাদের সঙ্গে আছে।”

আওয়ামী লীগ বন্দুকের জোরে এখন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মুখপাত্র।