২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি শান্তিপূর্ণ হলে সহযোগিতা পাবেন: বিএনপিকে নাসিম

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল যেমন শান্তিপূর্ণ ছিল, ভবিষ্যতে সে ধরনের কর্মসূচি বিএনপির কাছে প্রত্যাশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 06:07 PM

Updated : 25 Apr 2022, 04:34 PM

“বিএনপি ইস্যুভিত্তিক কর্মসূচি করছে, এটা ভালো। শান্তিপূর্ণ ইস্যুভিত্তিক কর্মসূচি হলে সরকার তাদের সহযোগিতা করবে।”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিলের পরদিন রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একথা বলেন ১৪ দলের সমন্বয়ক নাসিম।

তবে বিএনপির দাবি মেনে নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন তিনি।

“মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, ২০১৯ এ নির্বাচন হবে। সংবিধান অনুসারে নির্বাচনকালীন সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন।”

গত নির্বাচনে বিএনপির অংশ না নেয়া ‘ভুল’ ছিল মন্তব্য করে নাসিম আশা প্রকাশ করেছেন, একই ‘ভুল’ বিএনপি পুনরায় করবে না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, “শোক না করেন, তাতে অসুবিধা নাই। কিন্তু শাহাদত দিবসে উল্লাস করবেন, এটা হতে পারে না। অগাস্ট মাসে তাদের (বিএনপি) রাজনীতি করার অধিকার থাকতে পারে না।”

১৫ অগাস্ট পালনের বিভিন্ন কর্মসূচি আয়োজনে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে,তা কার্যত স্বীকার করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে, ক্ষমতাশীল দলে এ ধরনের মানুষ বেশি থাকে।”

এ ধরনের ব্যক্তিদের দলে সম্পৃক্ত না করতে আওয়ামী লীগ নেতাদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি।