নেতাকর্মীদের সতর্ক করলেন আশরাফ
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয় অন্তর্কোন্দল থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এসব কর্মকাণ্ড দলের জন্য শুভ নয়-মন্তব্য করে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক হতে বলেছেন তিনি।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণ সভায় সৈয়দ আশরাফ বলেন, “পত্র-পত্রিকায় যা লেখা হয় তা সব মিথ্যা না। পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) আমাদের দুই গ্রুপে মারামরি-চাঁদাবাজি- এটা শেখ হাসিনার হাতকে দুর্বল করার চেষ্টা। কিছু কিছু ঘটনা ঘটছে যা দলের জন্য শুভ নয়।”
ফাইল ছবি
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভা হয়।
সম্প্রতি এক দলীয় অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় শোক দিবস ঘিরে চাঁদাবাজি না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আশরাফ বলেন, “ওবায়দুল কাদের সাহেব ঠিকই বলেছেন। শোক দিবসের ব্যানারে এখন দেখি আমার নাম। আগে তো এগুলো ছিল না। টেন্ডারবাজি ছিল না।”
রাজনৈতিক মতাদর্শ ধারণ করে তার ভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি অতো সহজ না। আওয়ামী লীগ আর বিএনপিকে ক্ষমতায় নেয়াই এই রাজনীতি না।
“বাংলাদেশের রাজনীতির নীচে আছে বিপরীত ধারা। আইএসআই, আল-কায়েদা বা তালেবান সুযোগ পেলে এখানে যারা বসে আছি তারা কেউ থাকবো না।”
