চট্টগ্রামেও বিএনপি জোটের কালো পতাকা মিছিল
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে।
শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে ২০ দলীয় জোটের নেতারা সমবেত হন।
মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ফিলিস্তিনের জনগণ যেভাবে ইসরাইলি আগ্রাসন প্রতিরোধ করেছে তেমনিভাবে এদেশের জনগণও আওয়ামী অশুভ শক্তিকে প্রতিরোধ করবে।
“শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম।
এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক কর্মীর অংশগ্রহণ দেখা গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ হাসান, মহানগর জামায়াতের অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আবুল হাশেম বক্কর, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ।
সমাবেশ শেষে কালো পতাকা মিছিলটি নাসিমন ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
