২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৫ অগাস্ট জন্মদিন পালন করে জাতিকে বিভক্ত করবেন না’

১৫ অগাস্ট জন্মদিন পালন করে ‘জাতিকে বিভক্ত না করতে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 12:10 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার যুবলীগের এক সমাবেশে তিনি বলেন, “১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করে জাতিকে বিভক্ত করা হয়। দয়া করে এদিন জন্মদিন পালন করে আর জাতিকে বিভক্ত করবেন না।”

Image
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সবার সহযোগিতা চান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, এপ্রিল ২৬, ২০১২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য সবার সহযোগিতা চান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, এপ্রিল ২৬, ২০১২

বাংলাদেশকে নতুন করে পাকিস্তান বানানোর ‘শপথ’ হিসাবে ১৫ অগাস্ট খালেদা জিয়া ‘মিথ্যা জন্মদিন’ পালন করেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

“বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটি সমাজের সকল অশুভ শক্তির প্লাটফর্ম। এই অশুভ শক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। তা না হলে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।”

বিএনপির সঙ্গে আলোচনা নাকচ করে আশরাফ বলেন, “জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কেটে যারা আনন্দ-উল্লাস করে, তাদের সাথে কোনো ধরনের আলোচনা হতে পারে না।”

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মো.ফারুক হোসেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বক্তব্য রাখেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের পর যুবলীগের শোক শোভাযাত্রা শুরু হয়, যা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।