বিএনপির ‘নরম’ কর্মসূচি শুরু কালো পতাকা মিছিলে
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের নতুন কর্মসূচি শুরু হবে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৩ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ১৬ অগাস্ট শনিবার ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা সদরে কালো পতাকা মিছিল করবে ২০ দলীয় জোট।
ওইদিন ঢাকার কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে।
এরপর ‘গণবিরোধী’ সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ অগাস্ট মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের প্রতিবাদ সমাবেশ হবে। সারা দেশে মহানগর ও জেলা সদরেও একই কর্মসূচি পালিত হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোহরাওয়ার্দীর সমাবেশে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব।
এছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ জোটের অন্যান্য দাবিতে ২১ থেকে ৩১ অগাস্ট সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণসংযোগ চলবে বলে মির্জা ফখরুল জানান।
তিনি বলেন, “আমরা নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘবে আন্দোলন করছি।”
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর বিএনপি জোট নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে তা বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে।
আওয়ামী লীগ নেতারা বিএনপিকে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে বলার পাশাপাশি বলছেন, এই মুহূর্তে কোনো ধরনের আন্দোলনে জনগণ সাড়া দেবে না।
দাবির বিষয়ে সরকারের এই উপেক্ষার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার দলের স্থায়ী কমিটি এবং সোমবার রাতে জোট নেতাদের সঙ্গে বসে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেন।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের বৈঠকের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, “শান্তিপূর্ণ নরম কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু হবে। পর্যায়ক্রমে কর্মসূচি কঠোর হবে।”
মঙ্গলবার সংবাদ সম্মেলনের আগে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে এ কর্মসূচি নিয়ে আলোচনা করেন মির্জা ফখরুল।
জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও বিএনপির আনভীর আদেল খান বাবুসহ গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানানো হয় বৈঠক থেকে।
জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর রিদওয়ান উল্লাহ শাহিদী, খেলাফত মজলিশের মাওলানা মজিবুর রহমান পেশোয়ারি, এনডিপির আলমগীর মজুমদার, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, বিজেপির সালাহউদ্দিন মতিন প্রকাশ, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মুসলিম লীগের মাওলানা শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, জমিয়তে উলামা ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
