২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের মানসিকতার পরিবর্তন হলে বিপ্লব ঘটে যাবে’

পুলিশের মানসিকতার পরিবর্তন হলে ‘বিপ্লব’ ঘটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রচিত ‘পুলিশ অ্যান্ড কমিউনিটি উইথ কনসেপ্ট অব কমিউনিটি পুলিশিং’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পুলিশের প্রশংসাও করেন তিনি।

এইচ টি ইমাম বলেন, “পুলিশের আধুনিক প্রশিক্ষণ, অস্ত্র, শিক্ষা অর্জন দরকার। পাশাপাশি মানসিকতার পরিবর্তনেরও দরকার আছে। পুলিশের মানসিকতার পরিবর্তন হলে একটা বিপ্লব ঘটে যাবে।”

গত বছর মতিঝিল থেকে হেফাজত ইসলামের কর্মী-সমর্থকদের সরাতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন এইচ টি ইমাম।

“গত বছরের ৫ মে পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ না হয়ে সুপরিকল্পিতভাবে কাজ না করলে আমরা আজকে কোথায় যেতাম জানি না। দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যেত। সেসময় পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের দায়িত্ব পালন করেছিল।”

“এখন ব্রিটিশ পুলিশ নাই। এখানে পরিবর্তন এসেছে। এ বাহিনীকে আরো জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

“এখন তারা কোনো না কোনো ডোনার প্রতিষ্ঠানের সদস্য। অথচ সুশীল সমাজ বলতে সারাদেশে বৃহত্তর জনগণকে নিয়ে যে সমাজ তা বোঝানো হয়।”

অল্প সময়ে স্বল্প ব্যয়ে জনগনকে সেবা প্রদান করতেও পুলিশ সদস্যদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগে পুলিশ শাসন ও শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হোত। আর এখন জনগণের নিরাপত্তা নিশ্চিত করে তাদের বন্ধু হয়ে কাজ করছে।

“কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জনগণকে পুলিশের সঙ্গে সম্পৃক্ত করছে। জনগণ কি চায় এখন পুলিশ তা বোঝায় উভয়ের মধ্যে সেতুবন্ধন রচিত হচ্ছে।”

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, “আধুনিক বিশ্বে কেবল বিশেষ বা সীমাবদ্ধ বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা যায় না। জনগণকে এসব কাজে যুক্ত করলে সফলতা পাওয়া যায়।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তোবা গ্রুপের শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, “পুলিশ যদি সেখানে কাউকে মারতে চাইতো তাহলে প্রথম দিনেই তা করতে পারতো। তবে তারা তেমন কিছু চায়নি। সেখানে কিছু লোক গাড়ি ভাঙচুর করে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল। পুলিশ সেটি নিয়ন্ত্রণ করে নিজেদের দায়িত্ব পালন করেছে মাত্র।”

মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পে সংঘাতের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “সেখানে তো অনেকেই প্রথম দিন থেকে ছিলেন। পত্রপত্রিকায় অনেকের ছবিও দেখা গেছে। কিন্তু যে পাঁচটি পরিবারের ঘর আগুনে পুড়েছে কেউ কি একবারও তাদের খবর নিয়েছেন? তারা কিভাবে সংসার চালাবেন সেটা ভেবেছেন? আগুনে পুড়ে ফারজানা নামের যে মেয়েটি হাসপাতালে ছটফট করেছিল তার এখন কী অবস্থা, সেটা  কেউ জানেন?”

“ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের খোঁজ রেখেছে। আগুনে যাদের ঘর পুড়েছে তাদের বাড়ি তৈরি করে দিয়েছে। মেয়েটির চিকিৎসার জন্য ৪২ হাজার টাকা সাহায্য করেছে।”

বর্তমানে পুলিশ জনগণের বন্ধু হয়ে হাতে-হাত রেখে দেশের জন্য কাজ করতে চায় বলেও জানান তিনি।

বইটিতে কমিউনিটি পুলিশিং-এর ধারণা, ইতিহাস, ঐতিহ্য, দর্শন ও বাস্তবায়ন কৌশলের পাশাপাশি বিভিন্ন দেশ ও বিখ্যাত শহরের কমিউনিটি পুলিশিং-এর কাজ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিআইডি প্রধান মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.জিয়া রহমান প্রমুখ।